WB Elections 2026

‘প্রভাব’ খাটাচ্ছে তৃণমূল, নালিশ কংগ্রেস প্রার্থীর

অভিযোগ, যোগসাজশ করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে বিনয়-বাদল-দীনেশ স্কুল, বিবেকানন্দ স্কুল, শিশুশিক্ষা শিবির স্কুল, মিলনকুঞ্জ কমিউনিটি হল-সহ বিভিন্ন ভোটকেন্দ্রে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তুলেছে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:৩১

— প্রতীকী চিত্র।

ভোটের আগের দিন, মঙ্গলবার মানিকতলার মূলত ১৪ নম্বর ওয়ার্ডে ভয় দেখানোর পাশাপাশি কয়েকটি ভোট-কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে যোগসাজশ করে ভোট-প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ তুললেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুগত (সুমন) রায়চৌধুরী। এই মর্মে রিটার্নিং অফিসার, সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকদের কাছে অভিযোগ করেছেন সুমন। তাঁর অভিযোগ, যোগসাজশ করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে বিনয়-বাদল-দীনেশ স্কুল, বিবেকানন্দ স্কুল, শিশুশিক্ষা শিবির স্কুল, মিলনকুঞ্জ কমিউনিটি হল-সহ বিভিন্ন ভোটকেন্দ্রে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তুলেছে কংগ্রেস। সুমনের অভিযোগ, তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে ও তাঁর লোকজন কংগ্রেসের হোর্ডিং-সহ প্রচার সামগ্রী নষ্ট করে রাস্তায় ফেলে দিয়েছে। সুমনের বক্তব্য, “শাসক দল কালো টাকার বন্যা বইয়ে দিয়েও শান্তি পাচ্ছেন না? গণতন্ত্র বলে কিছু থাকবে না?” তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন