—প্রতীকী চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে অনুপ্রবেশকারী (‘ঘুসপেটিয়া’) চিহ্নিত করার উপায়!— রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন মন্তব্য করে আদর্শ আচরণবিধি ভেঙেছেন, এই অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচনী কমিশনারের (সিইসি) কাছে বৃহস্পতিবার অভিযোগ জানাল সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী অভিযোগপত্রে দাবি করেছেন, ‘শাহ কিছু অত্যন্ত আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, যা রাজ্যের সম্প্রীতির জন্যও ক্ষতিকর। তাঁর মন্তব্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, এসআইআর এবং এনআরসির মধ্যে কোনও ছোটখাটো পার্থক্যও নেই।’ সিপিএম মনে করিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনই বলেছে, খসড়া এনআরসি থেকে বাদ বড়া লোকজনও স্বয়ংক্রিয় ভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়বেন না। কারণ, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ১৯৫০-এর জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী হয়।