West Bengal Election 2026

দাবি ‘যৌক্তিক’ হোক, আইএসএফ-কে বার্তা সিপিএমের

আইএসএফের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে বাম শিবিরে ক্ষোভ ও বিভ্রান্তির কথা তাদের জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার পরে আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার রাতে বিমান বসুদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন আইএসএফ প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৫:১৮

—প্রতীকী চিত্র।

নানা জেলায় আসনের ‘অযৌক্তিক’ দাবি ছেড়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমঝোতা সম্পূর্ণ করার জন্য ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে (আইএসএফ) বার্তা দিল সিপিএম। সূত্রের খবর, বামেদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও যে তিন আসনে আইএসএফ প্রার্থী দিয়েছে, তা প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে তাদের। আরও কয়েকটি আসনের বাড়তি দাবিও ছাড়তে বলা হয়েছে। আইএসএফের তরফে অবশ্য স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। তাদের আজ, বুধবার পরবর্তী দফার প্রার্থী তালিকা ঘোষণা করার কথা।

আইএসএফের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে বাম শিবিরে ক্ষোভ ও বিভ্রান্তির কথা তাদের জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার পরে আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার রাতে বিমান বসুদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন আইএসএফ প্রতিনিধিরা। তবে দলের শীর্ষ নেতাদের কেউ সেই দলে ছিলেন না। সূত্রের খবর, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান তাঁদের বলেছেন, দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের জেরে বামফ্রন্ট গড়ে উঠেছিল। আইএসএফের দাবির ‘বাড়াবাড়ি’র জন্য বাম শরিকদের সঙ্গে সিপিএমের সম্পর্কের অবনতি কাঙ্ক্ষিত নয়। পরবর্তী প্রার্থী তালিকা ঘোষণার আগে আইএসএফ নেতৃত্ব সিপিএমের সঙ্গে ফের আলোচনা করতে চাইলে তাঁরা যে তৈরি আছেন, তা-ও জানিয়ে রেখেছেন বিমানেরা। পাশাপাশিই বার্তা দেওয়া হয়েছে, আরাবুল ইসলামের মতো ব্যক্তিদের আইএসএফ প্রার্থী করায় সারা রাজ্যে সিপিএম তথা বামফ্রন্টকে এর জন্য ‘জবাবদিহি’র মুখে পড়তে হবে! এই পরিস্থিতি এড়ানো দরকার ছিল।

আসন-জট সংক্রান্ত প্রশ্নের জবাবে সেলিমের বক্তব্য, ‘‘ওদের (আইএসএফ) জানানো হয়েছে যে, একতরফা চলতে পারে না। আলোচনা করে কাটাতে হবে সমস্যা।’’ আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী অবশ্য এ দিন এই নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন