নজরে: ইস্টবেঙ্গলের রক্ষণের প্রধান ভরসা কেভিন। ছবি: এক্স।
মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৭-০ গোলে দুরন্ত জয়ের পরেই আগামী রবিবার পর্যন্ত ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো। ছুটি নেই একমাত্র ডিফেন্ডার কেভিন সিবিল্লের। তাঁকে দু’বেলা অনুশীলনের নির্দেশ দিয়েছেন তিনি।
ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম ভরসা কেভিন। কিন্তু চোটের কারণে আইএসএলের একটি ম্যাচেও খেলতে পারেননি। পরিস্থিতি সামলাতে আনোয়ার আলির সঙ্গে মিডফিল্ডার জিকসন সিংহকে স্টপার হিসেবে অস্কার খেলাতে বাধ্য হচ্ছেন। আইএসএলের প্রথম দুই ম্যাচে জিতলেও শক্তিশালী জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রকট হয়ে উঠেছিল রক্ষণে কেভিনের অভাব। ০-১ হেরেছিল ইস্টবেঙ্গল। চতুর্থ ম্যাচে এফসি গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মশালবাহিনী। পঞ্চম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছিল। রক্ষণের ভুলেই সংযুক্ত সময়ে ১-১ করেছিলেন কেরলের মহম্মদ আজসাল।
মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সোমবার ৭-০ জিতলেও ইস্টবেঙ্গলের রক্ষণকে কখনওই পরীক্ষার মধ্যে পড়তে হয়নি। কিন্তু আন্তর্জাতিক বিরতির পরে আগামী ১১ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। পাঁচ দিন পরেই ম্যাচ সুনীল ছেত্রীদের বিরুদ্ধে। মহমেডান ম্যাচের পরেই অস্কার বলেছিলেন, ‘‘বাস্তবের মাটিতে পা রেখেই চলতে হবে। কারণ, পরের সব ম্যাচই কঠিন।’’
কী ভাবে কেভিনকে দ্রুত তৈরি করার পরিকল্পনা করেছেন অস্কার? জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত কোনও ছুটি নেই ইস্টবেঙ্গল ডিফেন্ডারের। সকালে তিনি রিহ্যাব করবেন মেডিক্যাল টিমের কাছে। বিকেলে অনুশীলন করবেন শারীরিক সক্ষমতা বাড়ানোর। সব ঠিক থাকলে আগামী সোমবার থেকেই বল নিয়ে প্রস্তুতি শুরু করবেন কেভিন। ফিট থাকার জন্য বাকি ফুটবলারদের অবশ্য এক দিন অন্তর অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ছয় ম্যাচ থেকে ১৪ পয়েন্ট অর্জন করে শীর্ষ স্থানে এখন মুম্বই। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা দিমিত্রি পেত্রাতসদের সংগ্রহে ১৩ পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে জামশেদপুর (১৩) এবং ইস্টবেঙ্গল (১১)।
আগামী ৪ এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জিতে শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে মরিয়া মোহনবাগান। এই কারণেই কোচ সের্খিয়ো লোবেরা-র লক্ষ্য ম্যাচের এক দিন আগে জামশেদপুর পৌঁছে অনুশীলন করা।