WB Assembly Election 2026

নৈহাটি থানার আইসি-কে সাসপেন্ড করল কমিশন! পুলিশগাড়িতে তৃণমূল চেয়ারম্যানকে এসডিও অফিসে পৌঁছোনোর অভিযোগ

নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী সনৎ দের মনোনয়ন জমা দেওয়ার সময় এসডিও অফিসে হাজির ছিলেন। অভিযোগ, অশোককে পুলিশের গাড়িতে চাপিয়ে নৈহাটি থানার আইসি পৌঁছে দিয়েছিলেন এসডিও অফিসে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২২:২৮
Election Commission orders suspension of Naihati Police Station IC

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযোগ, নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে চাপিয়ে মহকুমাশাসকের (এসডিও) অফিসে পৌঁছে দিয়েছিলেন ওই আইসি। সেই অভিযোগে শোরগোল পড়তেই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হল। একই সঙ্গে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে বলা হয়েছে প্রকাশ ধারাকে। বর্তমানে তিনি নৈহাটি থানার সেকেন্ড অফিসার। যত দিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ আসছে, তত দিন তিনি নৈহাটি থানার দায়িত্ব সামলাবেন।

Advertisement

নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। তৃণমূল প্রার্থী সনৎ দে-র মনোনয়ন জমা দেওয়ার সময় এসডিও অফিসে হাজির ছিলেন তিনি। অভিযোগ, অশোককে পুলিশের গাড়িতে চাপিয়ে নৈহাটি থানার আইসি পৌঁছে দিয়েছিলেন এসডিও অফিসে। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিল বিজেপি।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি দাবি করেন, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু অভ্যাস, অভ্যাসই। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে করে এসডিও অফিসে পৌঁছে দিয়েছিলেন নৈহাটি থানার আইসি। অশোক তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন।’’ ওই ভিডিয়োয় দেখা যায়, পুলিশের গাড়ি থেকে নামছেন অশোক। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

অর্জুনের ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হতেই কমিশন এ ব্যাপারে পদক্ষেপ করল। ব্যারাকপুর কমিশনারেটকে নির্দেশ দেয়, অবিলম্বে নৈহাটি থানার আইসি-কে সাসপেন্ড করতে হবে।

Advertisement
আরও পড়ুন