PSL

মাঠেই বালিশ-কম্বল পেতে ঘুমিয়ে পড়তে চাইলেন ক্রিকেটার! পাকিস্তান সুপার লিগের সূচি দেখে বিরক্ত অধিনায়ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। মুলতান সুলতান্সের অধিনায়ক অ্যাশটন টার্নারের একটি কথায় বিতর্ক তৈরি হয়েছে। পিএসএলের সূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২২:৫১
cricket

পিএসএলের ট্রফি। — ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। রোজই কোনও না কোনও নতুন বিতর্ক প্রকাশ্যে আসছে। সম্প্রতি মুলতান সুলতান্সের অধিনায়ক অ্যাশটন টার্নারের একটি কথায় বিতর্ক তৈরি হয়েছে। পিএসএলের সূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

রবিবার কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে মুলতান। সোমবারই তাদের খেলা পড়েছে রাওয়ালপিন্ডি কিংসের সঙ্গে। পর পর দু’দিন খেলতে হওয়ায় বিরক্তি গোপন করেননি টার্নার।

কোয়েট্টা ম্যাচের পর টার্নার বলেছেন, “এ বার গিয়ে খুঁজেপেতে একটা কম্বল আর বালিশ জোগাড় করে এখানেই ভাবছি ঘুমিয়ে নেব। কারণ ম্যাচের ধকল কাটিয়ে ওঠার জন্য তো যথেষ্ট সময়ই নেই।”

যে ভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দল খেলেছে তাতে খুশি টার্নার। তাঁর মতে, মুলতান সব বিভাগেই উন্নতি করেছে। তিনি বলেছেন, “আগের দুটো ম্যাচের থেকে একটু আলাদা পরিবেশে খেললাম। তিনটে বিভাগেই উন্নতি করেছি আমরা যা আমাকে তৃপ্ত করেছে। প্রথম ওভারে আমারই বল করতে যাওয়ার কথা ছিল। কিন্তু দু’জন বাঁ হাতিকে প্রত্যাশা করেছিলাম।”

প্রথমে বল করার সিদ্ধান্ত কাজে লেগেছে মুলতানের। তারা কোয়েট্টাকে আটকে রেখেছিল ১৬৬ রানে। জবাবে মুলতান ১৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ৩৫ বলে ৫৩ করে দলকে জেতান স্টিভ স্মিথ।

Advertisement
আরও পড়ুন