DIG Transfer

এ বার রাজ্যের পাঁচ ডিআইজি-কে অপসারণ! নতুন পদাধিকারীদের নাম জানিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের

আবার রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এই নিয়ে পর পর তিন দিন রাজ্য পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়া হল নির্বাচনের আগে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১২:১৯
এ বার রাজ্যের পাঁচ জায়গার ডিআইজি-কে অপসারণ করল নির্বাচন কমিশন।

এ বার রাজ্যের পাঁচ জায়গার ডিআইজি-কে অপসারণ করল নির্বাচন কমিশন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবার রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে পাঁচ জায়গার পাঁচ ডিআইজি-কে অপসারণ করার নির্দেশিকা জারি করা হয়েছে। কাদের নতুন দায়িত্ব দেওয়া হল, তা উল্লেখ করে নির্দেশিকা দিয়েছে কমিশন। বৃহস্পতিবার সকালের মধ্যে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

Advertisement

বুধবারের নির্দেশিকায় কমিশন জানিয়েছে, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। এই দায়িত্বে ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তমরাও। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল ২০০৯ ব্যাচের আইপিএস অমিতকে। এর আগে তিনি ট্রাফিক, রোড অ্যান্ড সেফটির ডিআইজি পদে ছিলেন।

মুর্শিদাবাদের ডিআইজি পদে আনা হয়েছে অজিত সিংহ যাদবকে। এত দিন মুর্শিদাবাদের ডিআইজি পদে ছিলেন সুধীরকুমার নীলাকান্তম। দিন কয়েক আগেই রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে নিয়ে আসা হয়েছিল তাঁকে। এ বার কমিশন তাঁকে সরিয়ে দিল। দায়িত্ব দেওয়া হয়েছে অজিতকে। তিনি ২০১১ ব্যাচের আইপিএস। এর আগে তিনি এসপি (ডিইও) ছিলেন।

জলপাইগুড়ির ডিআইজি-ও বদলে দিল কমিশন। জলপাইগুড়ির ডিআইজি ভোলানাথ পাণ্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংহকে। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। ট্রাফিকের ডিআইজি ছিলেন অঞ্জলি। এ ছাড়াও, বর্ধমানের ডিআইজি-কেও সরিয়েছে কমিশন। অলোক রাজোরিয়ার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। তিনি ২০১১ ব্যাচের আইপিএস। এর আগে তিনি উত্তরবঙ্গের আইবি-র ডিআইজি পদে ছিলেন।

পাশাপাশি, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি-কেও বদলে দিল কমিশন। প্রেসিডেন্সি রেঞ্জ দক্ষিণ ২৪ পরগনা এবং তার আশপাশের অঞ্চল নিয়ে গঠিত। সেই রেঞ্জে নতুন ডিআইজি করা হল কঙ্করপ্রসাদ বারুইকে। ২০০৭ ব্যাচের আইপিএস কঙ্কর এর আগে ডিআইজি (কারা) ছিলেন। এই রেঞ্জের ডিআইজি ছিলেন ভাস্কর মুখোপাধ‍্যায়।

কমিশন জানিয়েছে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করা হবে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতিসূচক রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। যে আধিকারিকদের পদ থেকে সরানো হল, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও পদে নিয়োগ করা যাবে না।

সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার পদেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে মঙ্গলবার একধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপারকে বদলে দেয় কমিশন। সরানো হয় কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও। এ ছাড়া চার পুলিশ কমিশনারেটের কমিশনার, এডিজি পদমর্যাদার দু’জন কর্তাকেও সরিয়ে দেয় কমিশন।

Advertisement
আরও পড়ুন