WB Assembly Elections 2026

মার্চ মাসে এখনও পর্যন্ত বদলি করা হয়েছে কোন কোন পুলিশ আধিকারিককে? ভোট ঘোষণার পরেই রিপোর্ট তলব কমিশনের

২৮ ফেব্রুয়ারির পর থেকে রাজ্যে কোন কোন পুলিশ আধিকারিকের বদলি হয়েছে, তা জানতে চাইছে কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্য পুলিশকে চিঠি পাঠিয়েছে তারা। জমা দিতে বলেছে রিপোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:৪৩
পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।

মার্চ মাসে কোন কোন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, এ বার সেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশকে এই মর্মে চিঠি পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার সকাল ১১টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে কোনও পুলিশ আধিকারিকের অবসরের পরে তাঁকে কোনও পদ দেওয়া হয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

Advertisement

রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দু’দফায় ভোটগ্রহণ হবে এ রাজ্যে। সাম্প্রতিক অতীতে এত কম দফায় কোনও নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে। ভোট ঘোষণার পর পরই এ বার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত তথ্য তলব করল কমিশন। রবিবারই রাজ্য পুলিশের এডিজি (লিগ্যাল) এবং পুলিশের নোডাল অফিসারকে চিঠি পাঠান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। ২৮ ফেব্রুয়ারির পর রাজ্যে কোন কোন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, সেই তালিকা বদলি-নির্দেশিকার প্রতিলিপি-সহ কমিশনের কাছে জমা দিতে হবে। অবসরের পরে কোনও পুলিশ আধিকারিককে বর্তমানে কোনও পদ দেওয়া হয়েছে কি না, তা-ও জানাতে বলা হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে রাজ্য পুলিশকে আরও একটি চিঠি পাঠিয়েছে কমিশন। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে অশান্তির সময় থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। কয়েক দিন আগেই এ বিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে তথ্য তলব করেছিল কমিশন। এ বার রাজ্যে ভোট ঘোষণা হতেই ফের ওই পুলিশ অফিসারদের তথ্য চেয়ে পাঠায় তারা। এ বার একেবারে সময় বেঁধে দিয়েছে কমিশন। সোমবার বিকেল ৪টের মধ্যে ওই তালিকা জমা দিতে বলা হয়েছে।

রবিবার রাতেই রাজ্যের দুই শীর্ষ আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে। স্বরাষ্ট্রসচিবের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় জগদীশপ্রসাদ মীনাকে। নন্দিনীর বদলে দায়িত্বে আনা হচ্ছে দুষ্মন্ত নারিওয়ালাকে এবং জগদীশের জায়গায় আনা হচ্ছে সংঘমিত্রা ঘোষকে। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁদের দায়িত্বগ্রহণ করতে বলেছে কমিশন।

Advertisement
আরও পড়ুন