WB Assembly Elections 2026

এই প্রথম দু’দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে! আপনার জেলায় কবে নির্বাচন, সম্পূর্ণ নির্ঘণ্ট দেখে নিন

আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল, বুধবার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৭:৫৫
এ বার দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।

এ বার দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ছবি: পিটিআই।

এ বার দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৬ এবং দ্বিতীয় দফায় সাতটি জেলায় নির্বাচন রয়েছে। তবে নির্বাচন কমিশন কলকাতাকে দু’টি নির্বাচনী জেলা হিসাবে ভাগ করেছে। সেই হিসাবে দ্বিতীয় দফায় আটটি নির্বাচনী জেলার ভোট। গণনা হবে ৪ মে, সোমবার।

Advertisement

আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি প্রথম দফায় জঙ্গলমহলেও নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে প্রথম দফায় নির্বাচন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও প্রথম দফায় ভোট। আবার দুই বর্ধমানে দুই দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফায় পশ্চিম বর্ধমানে ভোট রয়েছে।

দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল, বুধবার। ওই দিন কলকাতা-সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালেই শুধু এক দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে এর আগে কখনও দুই দফায় ভোট হয়নি। বস্তুত, ২৫ বছর পর এত কম দফায় বিধানসভা ভোট হচ্ছে এ রাজ্যে। ২০২১ সালে কোভিড পরিস্থিতিতে আট দফায় ভোট হয়েছিল রাজ্যে। প্রথম দফার ভোট ছিল ২৭ মার্চ। শেষ দফার ভোট হয় ২৯ এপ্রিল। ফল ঘোষণা হয়েছিল ২ মে। এ বারও শেষ দফার ভোট সেই ২৯ এপ্রিল। তবে ফল ঘোষণা হবে ৪ মে।

Advertisement
আরও পড়ুন