IPS Officers Transfer

শাহের মন্ত্রক ডেপুটেশনে চেয়েছিল, সেই শিলিগুড়ির সিপি-কে সরিয়ে গোয়েন্দা বিভাগে নিয়ে গেল নবান্ন, বদলি আরও ৪

রবিবার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মোট পাঁচ জন আইপিএস অফিসারের বদলির নির্দেশিকা জারি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২০:০৪
IPS Officers Transfer

সি সুধাকরকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিল রাজ্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরে প্রোটোকল-বিতর্কে তাঁকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। সেই সি সুধাকরকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিল রাজ্য। রবিবার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

Advertisement

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সুধাকরকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্যুরোয় (আইবি) নিয়ে যাওয়া হল। ২০০৬ ব্যাচের ওই আইপিএস আইজিপি পদমর্যাদার আধিকারিক। তাঁর জায়গায় শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস অফিসার সৈয়দ ওয়াকার রাজা। এর আগে মুর্শিদাবাদের ডিআইজি ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ২০০৭ ব্যাচের আইপিএস সৈয়দকেই মুর্শিদাবাদের ডিআইজি পদের দায়িত্ব দিয়েছিল কমিশন। তার আগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে ছিলেন তিনি।

অন্য দিকে, ডিসি (দক্ষিণ-পূর্ব) থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ভোলানাথ পাণ্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করেছে নবান্ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে আক্রমণের ঘটনার পরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের পদ থেকে ভোলানাথকে বদলি করা হয়েছিল হোমগার্ডের এসপি পদে। এ বার ডিসি (দক্ষিণ-পূর্ব) করা হল আইপিএস অফিসার সূর্যপ্রতাপ যাদবকে। গত বছরের এপ্রিলে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি-র পদ থেকে সূর্যপ্রতাপকে সরিয়ে দুর্গাপুরের র‌্যাফ ব্যাটেলিয়নে পাঠানো হয়েছিল। এ ছাড়াও রাজভবনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাককে স্পেশ্যাল আর্মস ফোর্সের সেকেন্ড ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার করা হল।

প্রসঙ্গত, গত ৭ মার্চ শিলিগুড়ি সফরে এসেছিলেন রাষ্ট্রপতি মুর্মু। অভিযোগ ওঠে, সেই সফরের সময় তাঁর নিরাপত্তা এবং প্রোটোকল যথাযথ ভাবে মানা হয়নি। তার পর সি সুধাকর এবং তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে চিঠি পাঠিয়েছিল অমিত শাহের মন্ত্রক। গত বৃহস্পতিবার দার্জিলিঙের জেলাশাসক করা হয় সুনীল আগরওয়ালকে। মণীশকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করে রাজ্য। উল্লেখ্য, রবিবারই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। যদি কোনও আধিকারিকের বদলির নির্দেশ নির্বাচনের দিন ঘোষণার আগে দেওয়া হয়ে থাকে, কিন্তু তিনি এখনও নতুন পদে যোগ দেননি, তবে কমিশনের অনুমতি ছাড়া সেই নির্দেশ কার্যকর করা যাবে না।

Advertisement
আরও পড়ুন