রাজ্যের বহু বুথে ভোটদানের হার ৯৯ শতাংশ। — ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনের মধ্যে ১৮২টি বুথে ভোট পড়েছে ৯৯ শতাংশ। এমনটাই বলছে নির্বাচন কমিশন। ৯৯ শতাংশ ভোট পড়েছে, এমন বুথের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর দিনাজপুরের চোপড়া এবং মুর্শিদাবাদের রানিনগরে। সেখানে ১১টি করে বুথে ভোটের হার ৯৯ শতাংশ।
গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বুথের সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৭৬। কমিশন জানিয়েছে, মোট ৩ কোটি ৩৬ লক্ষ জন ভোটদান করেছেন। অর্থাৎ, ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের ১৮২টি বুথে ৯৯ শতাংশ ভোট পড়েছে। ৯৯ শতাংশ ভোট পড়েছে এমন বুথের সংখ্যা সবচেয়ে বেশি চোপড়া এবং রানিনগরে। তার পরেই রয়েছে কোচবিহারের শীতলকুচি এবং পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আসন। সেখানে ন’টি করে বুথে ভোট পড়েছে ৯৯ শতাংশ। পশ্চিম মেদিনীপুরের শালবনি আসনের আটটি বুথে ভোটের হার ৯৯ শতাংশ। জলপাইগুড়ির রাজগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের সাতটি করে বুথে ভোটদানের হার ছিল প্রথম দফায় ৯৯ শতাংশ। মুর্শিদাবাদের লালগোলা, বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রে ছ’টি করে বুথে ভোট পড়েছে ৯৯ শতাংশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পাঁচটি বুথে ভোটদানের হার ৯৯ শতাংশ।
এসআইআরের ফলে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এই ১৫২টি আসনে ১৭ লক্ষ ভোটার কমেছে। কিন্তু এ বার ভোটদাতার সংখ্যা ২০২১ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২১ লক্ষেরও বেশি। অর্থাৎ, প্রথম দফার ১৫২ আসনের প্রত্যেকটিতে গড়ে ভোটদান বৃদ্ধি পেয়েছে ১৪ হাজারেরও বেশি।
২০২১ সালের বিধানসভা ভোটের সময়ে এই ১৫২টি আসনে মোট ভোটার ছিলেন ৩ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ২৮৮ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছিলেন ৩ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ১৪২ জন। পাঁচ বছর পেরিয়ে, এসআইআরের পরে প্রথম দফার এই আসনগুলিতে ভোটার হয়েছেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ২৭৪ জন। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার ভোট দিয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ১৬৮ জন।
গত বিধানসভা নির্বাচনের তুলনায় এ বছরে এই ১৫২টি আসনে মোট ১৭ লক্ষ ৩৮ হাজার ০১৪ জন ভোটার কমেছে। তবে ২০২১ সালের ভোটের তুলনায় এ বারের নির্বাচনে ভোটদাতা বৃদ্ধি পেয়েছে ২১ লক্ষ ৬৪ হাজার ২৬ জন।
কমিশনের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় ভোটদানের হার সবচেয়ে বেশি কোচবিহারে। সেখানে ৯৬.২০ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারের শীতলকুচিতেই ১১টি বুথে ভোটদানের হার ছিল প্রথম দফায় ৯৯ শতাংশ। দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি ১৪টি জেলাতেই ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি বাঁকুড়ায়। সেখানে ২৭ লক্ষেরও বেশি ভোটার ভোট দিয়েছেন।