কোচবিহারের মাথাভাঙায় বৃহস্পতিবার দুপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। — নিজস্ব চিত্র।
দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পরে খুলল ২৭ নম্বর জাতীয় সড়ক। জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুসুলডাঙা এলাকায় বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এ বার সেই অবরোধ তুলে নিলেন তাঁরা।
এসআইআর-এর কাজ ঘিরে ক্ষোভের আঁচ এ বার ছড়াল পূর্ব বর্ধমানেও। বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে মৌনীমিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, অনেক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে মিছিল করে বর্ধমান ২ ব্লকের বিডিও অফিসে যান তাঁরা। সেখানে বিডিও-র হাতে স্মারকলিপি তুলে দেন মিছিলে অংশগ্রহণকারীরা।
মুর্শিদাবাদের ফরাক্কায় বেওয়া-১ এবং নয়নসুখ এলাকাতেও ভোটার তালিকা থেকে ‘নাম বাদ’ পড়ার অভিযোগে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
মালদহের ইংরেজবাজারে যদুপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন একদল জনতা। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় বিক্ষোভকারীদের। পুলিশকর্মীদের উপরে চড়াও হওয়ার অভিযোগও উঠছে। ঘটনায় পুলিশের গাড়ির এক চালকের মাথায় আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে।
পথ অবরোধ শুরু হয়েছে কোচবিহারেও। সেখানে মাথাভাঙার পচাগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ ক্ষেত্রেও সেই একই অভিযোগ। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কেন? সেই প্রশ্ন তুলে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
ময়নাগুড়ির আইসি সুবলচন্দ্র ঘোষ জানান, সকাল থেকে শুরু হয়েছে অবরোধ। এখনও অবরোধকারীদের সরানো যায়নি বিক্ষোভস্থল থেকে।
বিক্ষোভকারীদের দাবি, এসআইআর-এর পরে তাঁদের মধ্যে অনেকেরই নাম ‘অ্যাডজুডিকেশন’ (বিবেচনাধীন) এবং ‘ডিলিটেড’ তালিকায় রয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির হুসুলডাঙা এলাকার স্থানীয় বাসিন্দারা।
মালদহের পর এ বার বিক্ষোভের আঁচ ছড়াল জলপাইগুড়িতেও। জলপাইগুড়ির ময়নাগুড়িতে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন এক দল জনতা। মালদহের মতো এ ক্ষেত্রেও বিক্ষোভের মূল বিষয় একই— ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ। অবরোধের জেরে জাতীয় সড়কে পর পর থমকে রয়েছে পণ্যবাহী গাড়ি।
বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মালদহে। এ বার পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। ফের অবরুদ্ধ হল ১২ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাস্তা। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছোন মালদহের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ। তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।