সৌরজগতের নবগ্রহের প্রত্যেকের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে।
সেই মতে বিভিন্ন গ্রহের প্রভাবের ধরনও হয় ভিন্ন। অর্থাৎ, নির্দিষ্ট কোনও ব্যক্তির
উপরে থাকা গ্রহের প্রভাবের উপর নির্ভর করে তিনি মানুষ হিসাবে কেমন হবেন। পুরোটাই
যে গ্রহের প্রভাবে হয় তা নয়, তবে এক জন মানুষের ব্যক্তিত্বের নানা দিকের উপরই
থাকে গ্রহের প্রভাব। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শুভ গ্রহ মনে করা হয়। বৃহস্পতির
কৃপা সঙ্গে থাকলে, টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যা আমাদের কাছে ঘেঁষতে পারে না। যে
সকল ব্যক্তির উপর বৃহস্পতির প্রভাব থাকে, তাঁরা মানুষ হিসাবে কেমন হন, জেনে নিন।
বৃহস্পতির প্রভাব থাকা মানুষের ব্যক্তিত্ব কেমন হয়?
- পড়াশোনার প্রতি গভীর আগ্রহ থাকে। বৃহস্পতির প্রভাব থাকা
ব্যক্তিদের এক কথায় জ্ঞানের ভান্ডার বলা যেতে পারে। এ সকল জাতক-জাতিকার প্রায় সব
বিষয়ে জ্ঞান থাকে। কেবল পুথিগত বিদ্যা নয়, এঁদের বাস্তব জ্ঞানও হয় প্রশংসনীয়। এই
সকল জাতক-জাতিকা জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে
কিছু না কিছু শিক্ষণীয় ব্যাপার খুঁজে নেন। পরবর্তী কালে সেগুলি কাজে লাগান।
- বৃহস্পতির প্রভাব থাকা জাতক-জাতিকাদের চিন্তাভাবনা এবং কথা
বলার ধরন অত্যন্ত সংযত হয়। এঁরা কোথায় কী বলতে হয় জানেন। বেফাঁস কথা বলেন না।
জ্ঞান আছে বলেই যে বিলিয়ে বেড়াতে হবে, তেমন মনোভাব নিয়ে চলেন না। তবে
প্রয়োজনে অপরের পাশে দাঁড়ান। কাউকে সমস্যায় পড়তে দেখলে মুখ ফিরিয়ে চলে যান না।
এঁদের মধ্যে নেতৃত্ব দানের গুণ দেখা যায়।
- পরিস্থিতি যতই কঠিন হোক, এ সকল জাতক-জাতিকা কখনও আশা
হারান না। এঁরা সর্বদা পজ়িটিভ চিন্তা করতে ভালবাসেন। নেগেটিভ চিন্তাভাবনা, কথা
এঁদের মোটেও পছন্দ নয়। সর্বদা সকলকে অনুপ্রাণিত করতে পছন্দ করেন। কোনও সমস্যার
মুখে পড়লে সেটা নিয়েই ভেবে চলেন না, উল্টে সমাধানের পথ খোঁজা শুরু করে দেন।
- বৃহস্পতির প্রভাব থাকা জাতক-জাতিকারা যে কোনও কাজ সৎ পথে
করতে ভালবাসেন। অসৎ উপায়ে কার্যসিদ্ধি করার প্রবণতা এঁদের মধ্যে দেখা যায় না।
ধর্মীয় কাজ এবং দান-ধ্যানের প্রতি এঁদের প্রবল আগ্রহ থাকতে দেখা যায়।
- এই সকল জাতক-জাতিকাকে কখনও অর্থের অভাব ভোগ করতে হয় না। এঁরা
সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও, পরিশ্রম করে সমাজের উচ্চ স্তরে নিজেকে প্রতিষ্ঠিত
করতে সক্ষম হন। ধনসম্পদের কোনও অভাব থাকে না।