Mangalik Dosh

শুধু দাম্পত্য নয়, মাঙ্গলিক হলে আরও নানা ক্ষেত্রে সমস্যা দেখা দেয়! কোষ্ঠীর কোন ঘরে মঙ্গল কী অমঙ্গল ঘটায়, জেনে নিন

মাঙ্গলিক মানেই যে দাম্পত্যজীবন সুখের হবে না এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। মঙ্গলের কুপ্রভাবে দাম্পত্য ব্যতিরেকে আরও নানা ক্ষেত্রে সমস্যা দেখা যায়। তবে সে সকল সমস্যা থেকে মুক্তিরও পথ রয়েছে। জ্যোতিষীর থেকে জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৭:৫৫
astrology

—প্রতীকী ছবি।

সৌরজগতের চতুর্থ এবং বাহ্যিক গ্রহ মঙ্গল। সূর্যের চতুর্দিকে ঘুরতে মঙ্গলের সময় লাগে কমবেশি ১ বছর ১ মাস ১০ দিন মতন। নিজের অক্ষে এক পাক ঘুরতে সময় লাগে ২৪.৩৭ ঘণ্টা।

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল উগ্র এবং অশুভ গ্রহ। জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান যেমন বিভিন্ন বিষয়ে শুভফল দান করতে পারে, অশুভ মঙ্গল ঠিক ততটাই ক্ষতি বা অশুভ ফলদান করতে পারে। রাশিচক্রের মেষ এবং বৃশ্চিক রাশি হল মঙ্গলের নিজক্ষেত্র। শাস্ত্রমতে, সপ্তম দৃষ্টি ছাড়াও মঙ্গলের চতুর্থ এবং অষ্টম স্থানে বিশেষ দৃষ্টি দানের ক্ষমতা রয়েছে। অর্থাৎ, মঙ্গল যেখানে অবস্থান করে, সেই স্থানের চতুর্থ, সপ্তম এবং অষ্টম স্থানে দৃষ্টি দান করে। জন্মপত্রিকায় প্রথম (মতান্তরে দ্বিতীয়), চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষযুক্ত জন্মপত্রিকা বলা হয়। কিন্তু কেন বলা হয়?

লগ্নে মঙ্গলের অবস্থান শরীরের গঠন, মেজাজ, ক্রোধ, চেহারা এবং রক্তের উপর সরাসরি প্রভাব দান করে। প্রথম রাশিতে মঙ্গলের অবস্থান উগ্রতা বা ক্রোধ বৃদ্ধি করে। সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি করলেও অন্যান্য গ্রহ, বিশেষত বুধ এবং চন্দ্রের অবস্থান বা বুধ এবং চন্দ্র শুভ না হলে অতিরিক্ত সাহস এবং আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং চিন্তাভাবনা না করে কাজ করে ফেলার প্রবণতা দেখা যায়। এই অবস্থান কর্মক্ষমতাপূর্ণ এবং বাস্তববাদী হলেও, শারীরিক ক্ষেত্রে কিছুটা অশুভ ফল দান করে।

  • চতুর্থে মঙ্গলের অবস্থানে গৃহসুখ, পারিবারিক শিক্ষা, পরিবার, স্থাবর সম্পত্তি, পারিবারিক ভালমন্দ, অভ্যন্তরীণ আবেগ, মা, মায়ের শরীর সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রভাব পড়তে দেখা যায়।
  • সপ্তমে মঙ্গলের অবস্থান বিয়ে, বিবাহিত জীবন, দাম্পত্যসুখ, জীবনসঙ্গী, ব্যবসা, ব্যবসার সঙ্গী ইত্যাদির উপর প্রভাব ফেলে।
  • অষ্টম স্থান জন্মপত্রিকায় খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম স্থান আয়ু নির্দেশ করে। অষ্টম স্থান থেকে মৃত্যু সংক্রান্ত বিষয়, মৃত্যুর কারণ ইত্যাদি বিচার করা হয়। এ ছাড়াও গুপ্ত বিষয়, স্ত্রীর সৌভাগ্য বা স্ত্রীর মঙ্গল বিচার করা হয়। অষ্টমে মঙ্গলের অবস্থান বিশেষ প্রভাব দান করে।

জন্মপত্রিকায় প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে মঙ্গলের অবস্থানেই যে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে তা নয়। অন্যান্য গ্রহের অবস্থানে মাঙ্গলিক দোষ বিনষ্টও হয়।

  • মঙ্গলের সঙ্গে শুভ গ্রহের সহাবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।
  • শুভ গ্রহের সঙ্গে মঙ্গলের স্থান পরিবর্তন মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।
  • মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।
  • নবাংশে মঙ্গলের শুভ অবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।
  • রাশিচক্রে শনির এক বার পূর্ণ প্রদক্ষিণ সমাপ্ত হলে (বয়স কমবেশি ৩০ হলে) মাঙ্গলিক দোষ হ্রাসপ্রাপ্ত হয়।

মাঙ্গলিক দোষযুক্ত জাতক-জাতিকাদের একটু বেশি বয়সে বিয়ে মাঙ্গলিক প্রভাব থেকে রক্ষা করে। কারণ, বয়স বৃদ্ধির সঙ্গে আমরা মানসিক দিক দিয়ে পরিণত হই। এই কারণে বলা হয়, শনির পূর্ণ প্রদক্ষিণ মাঙ্গলিকের অশুভ ফল হ্রাস করে। অর্থাৎ, মাঙ্গলিক দোষযুক্ত জাতক-জাতিকাদের কমবেশি ২৯ বছরের পরে বিয়ে মাঙ্গলিকের চরম অশুভ ফল প্রাপ্তি হ্রাস করে।

Advertisement
আরও পড়ুন