West Bengal Elections 2026

পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বাড়াচ্ছে রাজ্য, ভোটের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তার ঘণ্টা দেড়েক আগেই পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:০৭

পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এত দিন তাঁরা মাসে ১৫০০ টাকা পেতেন। এ বার তা বেড়ে ২০০০ হতে চলেছে।

Advertisement

রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তার ঘণ্টাদেড়েক আগে, দুপুর ২টো ৪০ মিনিটে পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সম্প্রদায় এব‌ং ঐতিহ্যকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, পুরোহিত এবং মোয়াজ্জিন ভাতার জন্য যাঁরা নতুন আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁরাও বর্ধিত এই ভাতা পাবেন।

রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার আগে মুখ্যমন্ত্রীর ভাতাবৃদ্ধির ঘোষণায় অনেকেই রাজনৈতিক অঙ্ক দেখছেন। বিরোধীদের অভিযোগ, ভাতা বৃদ্ধি করে ভোট কিনতে চাইছেন মুখ্যমন্ত্রীর।

সরকারি সূত্রে খবর, রাজ্যের প্রায় আট হাজার পুরোহিত মাসিক ভাতা পেয়ে থাকেন। প্রথমে পুরোহিত এবং মোয়াজ্জিনরা ১০০০ টাকা ভাতা পেতেন। পরে তা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়। এ বার তা আরও ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হল।

Advertisement
আরও পড়ুন