WB Assembly Elections 2026

‘পশ্চিমবঙ্গে ভোটে মাফিয়াগিরি হয়েছে’! কালীঘাটে গিয়ে মমতা ও অভিষেকের পাশে দাঁড়িয়ে দাবি করলেন অখিলেশ যাদব

সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বৃহস্পতিবার কালীঘাটে গিয়ে মমতা এবং অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরে অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বহুস্তরীয় মাফিয়াগিরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৮:০৭
Samajwadi Party chief Akhilesh Yadav meets TMC leader Mamata Banerjee and Abhishek Banerjee in Kalighat

(বাঁ দিক থেকে) অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বহুস্তরীয় মাফিয়াগিরি হয়েছে পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে! বৃহস্পতিবার কালীঘাটে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে এই অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, ‘‘বিজেপি, কমিশন, ওদের সঙ্গীসাথী, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে পুরোটা করেছে। পুরো ভোট লুটে নিয়েছে।’’

Advertisement

বৃহস্পতিবার মমতার বাড়িতে ঢোকার সময় অখিলেশ অভিষেককে বলেন, ‘‘তুমি দারুণ লড়েছ।’’ সমাজবাদী পার্টির প্রধানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর সময় মমতা বলেন, ‘‘আমরা তো হেরে গিয়েছি।’’ জবাবে অখিলেশ বলেন, ‘‘না না, আপনারা হারেননি।’’ এর পর ভিতরে প্রবেশ করেন সপা সভাপতি। মমতা এবং অভিষেকের উদ্দেশে বলেন, ‘‘বুলেটের মুখে ভোট করানো হয়েছে বাংলায়। সরকারি স্তরে আমলা বদল করে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, আপনাদের হারাতে হবে।’’ অখিলেশের দাবি, কোনও কোনও আমলাকে কেন্দ্রের শাসকদলের তরফে বলা হয়েছিল, ভোটে তৃণমূলকে হারালে ভাল পোস্টিং দেওয়া হবে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশে উত্তরপ্রদেশের ভোটেও ‘সন্ত্রাসের নানা উদাহরণ’ দেন। তিনি বলেন, ‘‘পুরো ভোট প্রক্রিয়া বদলে দিয়েছে।’’ অভিষেকের সুরেই কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখানোরও দাবি তোলেন বিজেপি বিরোধী সর্বভারতীয় জোট ‘ইন্ডিয়া’র অন্যতম নেতা। সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘অভিষেক এবং দিদির নিরাপত্তা সঙ্কটের মুখে।’’ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার প্রসঙ্গও এসেছে অখিলেশে সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) প্রশ্ন করা উচিত, হত্যার ঘটনা কী ভাবে ঘটল।’’

বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করার পাশাপাশি বৃহস্পতিবার অখিলেশের বক্তব্যে ‘দেশের গণতান্ত্রিক পরিবেশ’ নিয়ে হতাশাও ফুটে উঠেছে। তিনি বলেন, ‘‘দিদি নিরাশ হওয়ার মানুষ নন। তিনি লড়াইয়ের মানুষ। বিজেপি পুরুষতান্ত্রিক এবং সামন্ততান্ত্রিক। তাই মহিলা বলে দিদিকে নিশানা করা হয়েছে। ভোটের অধিকার ছিনিয়ে নিলে কী ভাবে গণতন্ত্র বেঁচে থাকতে পারে?’’ ঘটনাচক্রে, বুধবারই অখিলেশ ভোটকুশলী সংস্থা ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (আই-প্যাক)-র সঙ্গে সমাজবাদী পার্টির চুক্তি বাতিল করেছেন! উত্তরপ্রদেশ বিধানসভার আসন্ন নির্বাচনকে ‘পাখির চোখ’ করে ফেব্রুয়ারিতে ওই চুক্তি করেছিলেন তিনি। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গে তৃণমূলের মতোই তামিলনাড়ুতেও শাসকদল ডিএমকে-কে ক্ষমতায় ফেরাতে ব্যর্থ হয়েছে আই-প্যাক।

Advertisement
আরও পড়ুন