Mamata Banerjee on Jhalmuri

‘১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর? কত নাটক! ঝালমুড়ি তৈরি করেছেন নিরাপত্তারক্ষীরাই’, মোদীকে কটাক্ষ মমতার

মোদীর ‘মুড়ি পে চর্চা’-কে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের মুরারইতে তাঁর জনসভা ছিল। সেখান থেকেই জানান, ঝালমুড়ি কিনে খাওয়া এবং খাওয়ানোর বিষয়টি মোদীর ‘নাটক’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:৪৯
ঝাড়গ্রামে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি কেনাকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রামে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি কেনাকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঝাড়গ্রামের সভা শেষে রবিবার রাস্তার ধারের ছোট্ট দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পকেট থেকে ১০ টাকা বার করে দামও মিটিয়েছেন। পরে সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্টও করেন। মোদীর এই ‘মুড়ি পে চর্চা’-কে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের মুরারইতে তাঁর জনসভা ছিল। মমতার দাবি, ঝালমুড়ি কিনে খাওয়া এবং খাওয়ানোর বিষয়টি মোদীর ‘নাটক’। আগে থেকে দোকানে ক্যামেরা এবং মাইক বসানো ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-ই ঝালমুড়ি তৈরি করে দিয়েছে।

Advertisement

জনসভা থেকে মমতা বলেন, ‘‘দোকানে মাইক ফিট করে, এসপিজি-কে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়েছেন। ১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর? কত নাটক!’’ এর পরেই মোদীর পূর্বের কিছু পোস্টকে কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘নির্বাচনের সময় গুহায় বসে থাকেন। কখনও ভোটের সময় বলেন, আমি চা-ওয়ালা। এখন ১০ টাকা বার করে ঝালমুড়ি খাচ্ছেন! বুঝুন! আর যদি তৈরি করা না-ই হবে, তাহলে দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল কী করে? সব নাটক। মানুষ কি বোঝে না?’’ মোদী তাঁর জনসভায় বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে যান বলেও দাবি করেছেন মমতা।

উল্লেখ্য, রবিবার যে দোকান থেকে মোদীকে ঝালমুড়ি খেতে দেখা গিয়েছিল, সেই ঝালমুড়ি বিক্রেতার নাম বিক্রম সাউ। মোদীর পোস্ট করা ভিডিয়োতে তাঁকেই ঝালমুড়ি বানাতে দেখা গিয়েছে। জনসভা শেষ করে মোদীর কনভয় যখন হেলিপ্যাডের দিকে এগোচ্ছিল, তখনই আচমকা গাড়ি থেকে নেমে এসেছিলেন তিনি। সটান দোকানের সামনে গিয়ে বলেছিলেন, ‘‘ভাই, ঝালমুড়ি খাওয়ান তো!’’ তাঁর দেওয়া ১০ টাকার নোট নিতে ইতস্তত করছিলেন বিক্রেতা বিক্রম। কিন্তু মোদী বলেন, ‘‘এ সব চলবে না।’’ তত ক্ষণে প্রধানমন্ত্রীর ঝালমুড়়ি খাওয়া দেখতে দোকানের সামনে লোক জড়ো হয়ে গিয়েছে। নিজে খাওয়ার পাশাপাশি আশপাশের কয়েক জনের হাতেও ঝালমুড়ি দিয়েছেন তিনি। মমতা বীরভূম থেকে প্রধানমন্ত্রীর সেই ভিডিয়োকেই কটাক্ষ করলেন।

Advertisement
আরও পড়ুন