WB Assembly Elections 2026

শান্তিপূর্ণ দিনহাটায় দিনভরই ব্যস্ত মন্ত্রী উদয়ন, ভোট দিয়ে গেলেন গ্রামের বুথ পরিদর্শনে, শেষবেলায় আবার শহরে

দিনহাটায় সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.৭ শতাংশ। যা সর্বকালীন রেকর্ড। উদয়নের দাবি, এই ‘বাড়তি ভোট’ পড়েছে তৃণমূলের ঝুলিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:৫১
উদয়ন গুহ।

উদয়ন গুহ। নিজস্ব চিত্র।

সাড়ে চার বছর আগে উপনির্বাচনে তুমুল অশান্তি দেখেছিল দিনহাটা। কিন্তু এ বার শান্তিপূর্ণ ভাবেই ভোটপর্ব শেষ হল কোচবিহার জেলার এই বিধানসভা কেন্দ্রে। আর প্রায় ‘নিস্তরঙ্গ’ সেই ভোটে দিনভর প্রবল ব্যস্ত রইলেন তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। ২০২১ সালের অক্টোবরের উপনির্বাচনে যিনি জিতেছিলেন ৮৪ শতাংশেরও বেশি ভোট পেয়ে!

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দিনহাটা শহরের বাড়ি থেকে বেরিয়েছিলেন উদয়ন। পৌনে ৯টা নাগাদ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ২৮৫ নম্বর বুথে পুত্র এবং পুত্রবধূকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দিয়েই বিভিন্ন বুথের পরিস্থিতি সরেজমিনে দেখতে বেরিয়ে পড়েন তিনি।

প্রথমে শহরের কয়েকটি বুথ ঘুরে দেখেন উদয়ন। বেলা গড়াতে তাঁকে দেখা যায় দিনহাটা বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকার বুথগুলি পরিদর্শনে যেতে। কখনও ভেটাগুড়ি, আবার কখনও পুঁটিমারি। এ ভাবেই একের পর এক বুথে যান তিনি। পাশাপাশি, বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। দুপুরে দিনহাটা শহরের দলীয় দফতরে পৌঁছে কিছুক্ষণ জিরিয়ে আবার বেরিয়ে পড়েন বুথে বুথে ঘুরতে। উদয়ন যখন দিনহাটা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে পৌঁছন, তখন বিজেপি প্রার্থী অজয় রায় ছিলেন সেখানে। কিন্তু দু’জনের মধ্যে কোনও সৌজন্য বিনিময়ের ছবি দেখা যায়নি।

দিনভর খোশমেজাজে থাকলেও বৃহস্পতিবার নির্বাচনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন উদয়ন! তাৎপর্যপূর্ণ ভাবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তাঁর নিশানায় ছিল রাজ্য পুলিশও! দিনহাটা আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘‘ওই আইসি তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন। অতি সক্রিয়তা দেখাচ্ছেন।’’ এ ছাড়াও তাঁর অভিযোগ, ১০৭ নম্বর বুথ এক জন দৃষ্টিশক্তিহীন বৃদ্ধ তাঁর নাতিকে নিয়ে ভোট দিতে এলে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নাতিকে সরিয়ে দিয়ে নিজেই বোতাম টিপে ভোট দিয়ে দেন।

ঘড়ির কাঁটা সন্ধ্যা ৬টা পেরনোর কিছুক্ষণ পরে খবর আসে, দিনহাটা আইটিআই কলেজে ভোটদানের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও অনেক ভোটার দাঁড়িয়ে রয়েছেন। পত্রপাঠ সেখানে যান উদয়ন। জানতে পারেন, নিয়ম মেনেই সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার ঘোষণা করেছেন, যাঁরা ৬টা পর্যন্ত ভোটকেন্দ্রে পৌঁছে লাইনে দাঁড়িয়েছেন, তাঁরা ভোট দিতে পারবেন। বুথ চত্বরের ইতস্তত জমায়েতকে শান্তিপূর্ণ ভাবে লাইনে দাঁড়াতে অনুরোধ করেন উদয়ন। এর পর সেখান থেকে তিনি ফিরে যান দিনহাটার দলীয় কার্যালয়ে। সারাদিন কোথায় কেমন ভোট হল, তার খোঁজ নিতে থাকেন দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে।

এ বছরের বিধানসভা নির্বাচন নজিরবিহীন ভাবে শান্তিপূর্ণ হয়েছে দিনহাটায়। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.৭ শতাংশ। যা সর্বকালীন রেকর্ড। উদয়নের দাবি, এই ‘বাড়তি ভোট’ পড়েছে তৃণমূলের ঝুলিতে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটায় ভোট পড়েছিল সাড়ে ৮১ শতাংশ। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে পরাস্ত হয়েছিলেন উদয়ন। ভোটের দিন গন্ডগোলে আহত হয়েছিলেন তিনি। নিশীথ কোচবিহারের সাংসদ পদ ধরে রেখে বিধায়ক পদ ইস্তফা দেওয়ার পরে সে বছরের উপনির্বাচনে নিকটতম বিজেপির প্রতিদ্বন্দ্বীকে ১ লক্ষ ৬৪ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন উদয়ন। সেই উপনির্বাচনে ভোটদানের হার ছিল ৭৫ শতাংশের সামান্য বেশি। উদয়নের পিতা প্রয়াত কমল গুহ দিনহাটা বিধানসভা কেন্দ্রের ন’বারের বিধায়ক ছিলেন। আট বার ফরোয়ার্ড ব্লকের, এক বার নিজে দল গড়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের নির্বাচনেও ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন। ২০১৫ সালের ১ অক্টোবর বিধায়ক উদয়ন গুহ সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৬ সালে তৃণমূলের প্রতীকে ৫৪.৫২ শতাংশ ভোট পেয়ে বিধানসভায় প্রবেশের ছাড়পত্র পেয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন