WB Elections 2026

জ্ঞানেশ: অপসারণ চেয়ে কোর্টে যাবেন বিরোধীরা

কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে, আম আদমি পার্টি, এনসিপি (এসপি)-র নেতারা দিল্লিতে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৪১
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। — ফাইল চিত্র।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য প্রস্তাব লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান দু’জনেই খারিজ করে দেওয়ায় বিরোধী শিবির এ বার আদালতে যাবে।

কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে, আম আদমি পার্টি, এনসিপি (এসপি)-র নেতারা আজ দিল্লিতে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেছেন। বিরোধী শিবির সূত্রের খবর, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়াই একমাত্র রাস্তা। সেই রাস্তাই নেওয়া হবে।

কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “এখনই রাজনৈতিক ও আইনি কৌশল খোলসা করছি না। তবে আমাদের সামনে অন্য যে সব পথ খোলা রয়েছে, সেই পথে যত দূর সম্ভব যাওয়া হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইন ও সংবিধানে যতখানি করা সম্ভব, আমরা করব। এখানে ইতি টানা হবে না।”

সিঙ্ঘভির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, আরজেডি-র মনোজ ঝা, আপ-এর সন্দীপ পাঠক, ডিএমকে-র যোগেশ, এনসিপি (এসপি)-র রাজীব ঝা-ও ছিলেন। সিপিএম, সিপিআই, এসপি-র নেতানেত্রীরা এ দিনের সাংবাদিক বৈঠকে না থাকলেও বিরোধী জোটের সঙ্গেই রয়েছেন।

প্রসঙ্গত, এসআইআর নিয়ে জ্ঞানেশের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ এখন বিচারাধীন বলে জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। সিঙ্ঘভির প্রশ্ন, “আদালতে বিচারাধীন এসআইআর-এর বিষয় এবং এসআইআর-এর জন্য অপসারণ প্রস্তাব এক নয়। এসআইআর যদি তিন বছর ধরে চলে, তা নিয়ে কেউ মামলা দায়ের করে, তার জন্য সংসদ কাউকে অপসারণ করতে পারবে না?” বিরোধী শিবিরের প্রশ্ন, কেন জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি হল না?

সিঙ্ঘভির বক্তব্য, অপসারণ প্রস্তাব গ্রহণ, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, চার্জ গঠন, রিপোর্ট জমা, সংসদে বিতর্ক, রাষ্ট্রপতির নির্দেশ—অপসারণের ছ’টি স্তর রয়েছে। প্রথম স্তরেই অপসারণ প্রস্তাব খারিজ সাংবিধানিক প্রক্রিয়াকে লঘু করা। সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে তিনি বলেন, রাজ্যসভার চেয়ারম্যান যে নির্দেশ জারি করেছেন, তাতে এই সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কোনও কথা নেই। চেয়ারম্যান নিজেই ‘মিনি-ট্রায়াল’ করে ফেলেছেন। তাঁর প্রশ্ন, “যদি মুখ্য নির্বাচন কমিশনার ঠিক হন, তা হলে অভিযোগের তদন্ত নিয়ে ভয় কিসের?”

আরও পড়ুন