Ekbalpur Incident

বিজেপির বিরুদ্ধে পুলিশের রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ! একবালপুরকাণ্ডে দুই এফআইআরে নাম পদ্মপ্রার্থী রাকেশের

বিজেপির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশের কাছ থেকে রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ নানা অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি, বিজেপির তরফে অভিযোগের ভিত্তিতেও একটি এফআইআর দায়ের হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:০৬
একবালপুরের ঘটনায় বিজেপি প্রার্থী রাকেশ সিংহের নামে এফআইআর।

একবালপুরের ঘটনায় বিজেপি প্রার্থী রাকেশ সিংহের নামে এফআইআর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

একবালপুর থানার সামনে অশান্তির ঘটনায় তিনটি এফআইআর দায়ের করল পুলিশ। তার মধ্যে একটিতে নাম রয়েছে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংহের নাম। অভিযোগ, সোমবার রাতে গন্ডগোলের সময় একবালপুর থানার সামনে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকেরা কর্তব্যরত এক পুলিশকর্মীর কাছ থেকে তাঁর সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছে। সেই মামলায় নাম রয়েছে রাকেশের। এ ছাড়াও, একবালপুরের ঘটনায় দায়ের হওয়া আরও একটি এফআইআরেও রাকেশের নাম আছে।

Advertisement

সোমবার সন্ধ্যায় একবালপুরে হোসেন শাহ রোডে একটি পথসভার আয়োজন করেছিল বিজেপি। রাকেশের সমর্থনে এই সভা ছিল। অভিযোগ, বিজেপির সভা চলাকালীন স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাকেশ। বিজেপির দাবি, তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তার পরে রাকেশের নেতৃত্বে বেশ কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক জড়ো হন একবালপুর থানার সামনে। সেখানেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধর্নায় বসেন রাকেশ এবং তাঁর অনুগামীরা।

কিছু ক্ষণ পরে থানার সামনে তৃণমূলের পতাকা হাতে জড়ো হন কয়েক জন। তাঁরা পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দু’পক্ষের বিক্ষোভে থানার সামনে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্লোগান, পাল্টা স্লোগান চলাকালীন দু’পক্ষের কর্মী-সমর্থকেরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, ওই সময়ে আক্রান্ত হন রাকেশ। রাতে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

সোমবার রাতের ঘটনার কারণে মঙ্গলবার সকাল থেকেই থমথমে একবালপুর। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে। দায়ের হয়েছে তিনটি এফআইআর-ও। সেগুলির মধ্যে দু’টিতে নাম রয়েছে রাকেশের।

কী অভিযোগে এফআইআর দায়ের? পুলিশের কাজে বাধা, পুলিশের কাছ থেকে রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ নানা অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। শুধু তা-ই নয়, বিজেপির তরফে এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। রাকেশকে বাধা, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে ওই এফআইআর। পুলিশ জানিয়েছে, সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন