IPL 2026

‘জঘন্য পারফরম্যান্স, প্রভাব নেই’, দুই অধিনায়ককে দেখে ক্ষুব্ধ শ্রীকান্ত! এক জন রাহানে, অন্য জন কে, জানালেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

মুম্বই ইন্ডিয়ান্স ভাল খেলতে না পারলেও হার্দিক পাণ্ড্যের দলকে হিসাবের বাইরে রাখতে রাজি নন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে, গুজরাত টাইটান্সকে হারানোর পর মুম্বই খেলা ঘুরিয়ে দিতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:৫৮
picture of cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগের তীব্র সমালোচনা করলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অধিনায়ক রিয়ান এবং ব্যাটার রাহানেকে দেখে বিরক্ত ভারতীয় দলের প্রাক্তন সদস্য। তাঁর মতে, আইপিএলের এই দুই অধিনায়কের কোনও প্রভাব নেই মাঠে।

Advertisement

রাজস্থান আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম চারে থাকলেও শ্রীকান্ত তাঁর পারফরম্যান্সে বিরক্ত। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ‘‘রিয়ান কেমন যেন ভাবলেশহীন গোছের। আদব-কায়দা, পোশাক-জুতো এ সব নিয়ে খুব সচেতন। অথচ না পারছে ব্যাট করতে, না বল। ওকে একমাত্র প্রতিযোগিতায় ফেলতে পারে রাহানে। কেকেআর অধিনায়ক এ বারের আইপিএলের সবচেয়ে জঘন্য ব্যাটার। রিয়ান একটা মরসুম ভাল খেলেছে। আর কিছুই করতে পারেনি।’’ এ বারের আইপিএলে সাতটি ম্যাচে রাহানে ১৫২ রান করেছেন। কেকেআর অধিনায়কের স্ট্রাইক রেট ১৪৪.৭৬। রিয়ানের অবস্থা আরও খারাপ। এ পর্যন্ত রাজস্থান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬১ রান। স্ট্রাইক রেট ১২২।

মুম্বই ইন্ডিয়ান্স ভাল খেলতে না পারলেও আশাবাদী শ্রীকান্ত। হার্দিক পাণ্ড্যের দল নিয়ে তিনি বলেছেন, ‘‘বড় ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে মুম্বইয়ের। গুজরাত টাইটান্সকে হারানোর পর মুম্বই খেলা ঘুরিয়ে দিতে পারে। প্লেঅফে পৌঁছে গেলেও অবাক হব না। ওদের এখনই হিসাবের বাইরে রাখা ঠিক হবে না। তবে কলকাতা নাইট রাইডার্স আর লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে আশা না করাই ভাল। এই দু’দল নবম এবং দশন জায়গার জন্য লড়াই করবে।’’

আইপিএল জেতার দাবিদার হিসাবে সানরাইজার্স হায়দরাবাদকেও রেখেছেন শ্রীকান্ত। দিল্লি ক্যাপিটালসকে নিয়েও খুব একটা আশাবাদী নন তিনি। করুণ নায়ারকে বাদ দিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, টেস্ট ব্যাটারকে তিন নম্বরে খেলিয়ে ভাল কিছু আশা করা যায় না।

Advertisement
আরও পড়ুন