West Bengal SIR

এসআইআর নিয়ে অবরোধ, মৃত্যুর অভিযোগও উঠছে

ভোটার তালিকায় নাম ‘বিবেচনাধীন’ থাকায় কাঁকসার বাসিন্দা, পেশায় দিনমজুর খেপা হাজরা (৩৫) অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৯:৪৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকায় নাম বাদ পড়া বা ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে বিক্ষোভ-অবরোধে তপ্ত হল উত্তর থেকে দক্ষিণবঙ্গ। নাম ‘বিবেচনাধীন’ থাকায় পশ্চিম বর্ধমানের কাঁকসায় এক যুবক আত্মহত্যা করেন, দাবি পরিবারের। কোচবিহারে অবরোধ-বিক্ষোভে পড়ে বিজেপি প্রার্থী আক্রান্ত হন বলে অভিযোগ।

ভোটার তালিকায় নাম ‘বিবেচনাধীন’ থাকায় কাঁকসার বাসিন্দা, পেশায় দিনমজুর খেপা হাজরা (৩৫) অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। শনিবার এলাকার একটি মাঠে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী বৃন্দা হাজরার দাবি, ‘‘ভোটার তালিকায় নাম না ওঠায় স্বামী আতঙ্কে ছিলেন। ভাল করে কথাও বলছিলেন না। শেষে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন!’’

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায়, এ দিন দুপুরে কোচবিহারের ঘুঘুমারিতে অবরোধ করেন কিছু বাসিন্দা। কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু সেখানে প্রচারে গেলে, তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ঘটনার সময়ে সেখান দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাঁর উপস্থিতিতেই বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা হয়। অভিজিতের পাল্টা দাবি, তিনিই মানুষকে বুঝিয়ে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর গাড়ি অবরোধ থেকে বার করায় সহায়তা করেন।

কোচবিহারের বিভিন্ন এলাকায় এ দিন অবরোধ-বিক্ষোভ হয়। ফালাকাটা-মাথাভাঙা রাজ্য সড়ক চার ঘণ্টা অবরুদ্ধ থাকে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গরদেওয়ানি পঞ্চায়েতের বামনেরচকে বেলে রোড অবরোধ করেন নাম বাদ পড়া বাসিন্দারা। বহু বৈধ ভোটারের নাম বাদ, এমনকি কিছু বিএলও-র নামও নেই, এই অভিযোগে বসিরহাটের খোলাপাতা হাই স্কুলে ভোটের প্রশিক্ষণ বন্ধ করে টাকি রোড অবরোধে শামিল হন বিএলও-রা। মালদহের রতুয়া, কালিয়াচকেও বিএলও-রা বিক্ষোভ দেখান। মালদহের মানিকচক ব্লক অফিসের সামনে সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিংহের নেতৃত্বে পথ অবরোধ হয়। মিনাখাঁ, হুগলির খানাকুল, গোঘাটে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের লস্করপুর গ্রামে বাসিন্দাদের একাংশ ব্যানার দিয়ে দাবি করেছেন, ভোটার তালিকায় সবার নাম ওঠার পরে, সব দলকে গ্রামে ভোট-প্রচার করতে দেওয়া হবে। তার আগে কেউ প্রচার করতে পারবেন না। এ দিন হুগলির চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে ট্রাইবুনালে পাঠানোর জন্য আবেদন জমা নেওয়া শুরু হতেই, হয়রানির অভিযোগ ওঠে। বাইরে রোদে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা ক্ষোভ জানান। পরে ভিতরে ঢুকতে দেওয়া হলেও, গরমে অনেকে অসুস্থ বোধ করেন।

কংগ্রেস আউশগ্রামে যাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, সেই নিশা বড়ালের নাম বাদ পড়েছে ভোটার তালিকায়। নিশা মন্তব্য করতে চাননি। দলের জেলা সভাপতি ধূর্জটিবিজয় মাঝি বলেন, ‘‘আমরা বিকল্প প্রার্থীর সন্ধান করছি।’’

আরও পড়ুন