Rajasthani Style Dum Aloo Recipe

লুচি-পরোটার সঙ্গে আলুর চচ্চড়ির বদলে থাক শুকনো, মশলা মাখানো, ঝালঝাল রাজস্থানি আলুর দম

বাঙালি কৌশলে আলুর দম অনেক রান্না করেছেন। এবার বানিয়ে দেখুন শুকনো, ঝালঝাল রাজস্থানি আলুর দম। স্বাদ মুখে লেগে থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:০৯
আলুরদম হোক একটু ভিন্ন স্বাদের।

আলুরদম হোক একটু ভিন্ন স্বাদের। ছবি: সংগৃহীত।

লুচি বা পরোটার সঙ্গে বাঙালি হেঁশেলে সবচেয়ে জনপ্রিয় বোধ হয় সাদা ঝোল ঝোল আলুর চচ্চড়ি। লুচি-পরোটার সঙ্গে আলুর দমও জমে ভাল। কাশ্মীরি আলুর দম, নিরামিষ আলুর দম খেয়েছেন। এবার স্বাদ বদলে বানিয়ে ফেলুন রাজস্থানি আলুর দম। জোগাড়যন্ত্র থাকলে রান্না হবে ৫ মিনিটে। লাল লাল গা-মাখা ঝাল আলুর দম অরুচির মুখে স্বাদও ফেরাবে।

Advertisement

উপকরণ

৫-৬টি বড় আলু চার টুকরো করে কাটা

১ টেবিল চামচ গোটা জিরে

১চা-চামচ মৌরি

আধ চা-চামচ হিং

১ টেবিল চামচ আমচুর পাউডার

১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

১ টেবিল চামচ চিলি ফ্লেক্স

আধ আঁটি ধনেপাতা কুচি

স্বাদমতো নুন-চিনি

প্রয়োজনমতো সর্ষের তেল

প্রণালী: আলু খোসা-সহ অল্প জল দিয়ে প্রেশার কুকারে ৯০ শতাংশ সেদ্ধ করে নিন। খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিন। শুকনো আলুর দমটি রান্না করতে গেলে তেল নিয়ে কার্পণ্য করলে চলবে না। সর্ষের তেলে দিন একটু বেশি করে, অন্তত ৪ টেবিল চামচ। তেল গরম হলে জিরে ফোড়ন দিন। যোগ করুন মৌরি এবং হিং। ফোড়নের গন্ধ বার হলে দিয়ে দিন আলুর টুকরো। স্বাদমতো নুন-হলুদ দিয়ে আলু ভেজে নিন ৩-৪ মিনিট। যোগ করুন লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, আমচুর পাউডার। দিয়ে দিন সামান্য একটু গরম জল। আঁচ কমিয়ে খুব ভাল করে আলু কষিয়ে নিন। একদম শেষে মিহি করে ধনেপাতা কুচিয়ে যোগ করুন। মিনিট ৪-৫ রান্না হয়ে গেলে নামিয়ে নিন কষা লাল রঙের ঝালঝাল আলুর দম। লুচির সঙ্গে দারুণ জমবে। পরোটা, রুটি দিয়েও মন্দ লাগবে না।

Advertisement
আরও পড়ুন