West Bengal Elections 2026

ভোটকর্মীরাই ভোট দিতে পারবেন না! উলুবেড়িয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ, গেলেন হাওড়ার পুলিশকর্তারা

জেলা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে ভোটকর্মীরা ভোট দিতে পারেননি, তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারিখও জানানো হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০০:৩৯
উলুবেড়িয়ায় ভোটকর্মীদের বিক্ষোভ।

উলুবেড়িয়ায় ভোটকর্মীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

ভোটকর্মীরাই ভোট দিতে পারলেন না! প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়ার কলেজ মোড় এলাকা।

Advertisement

রবিবার বিকাল ৪টে নাগাদ উলুবেড়িয়া কলেজ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক জন ভোট কর্মী। তাঁদের অভিযোগ, উলুবেড়িয়া কলেজে তাঁদের ভোটের প্রশিক্ষণের পর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু বেশির ভাগ ভোটকর্মীই পোস্টাল ব্যালট পেপার পাননি। তাই ভোট-ও দিতে পারেননি। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সকলে। রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন।

ওই ভোটকর্মীদের ব্যাখ্যা, তাঁরা অন্যদের ভোটদানে সহায়তা করবেন। অথচ নিজেরাই ভোট দিতে পারছেন না। তার কারণ পোস্টাল ব্যালট পেপার আসেনি। অবরোধ, গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া গ্রামীণ পুলিশের কর্তারা। তাঁরা বিক্ষোভকারীদের পরে ভোটদানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। প্রায় আধ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে ভোটকর্মীরা ভোট দিতে পারেননি, তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল জেলাশাসক এবং মহকুমা শাসকের দফতরে ভোট দিতে পারবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন