এমন ভোট করানোর মূল কৃতিত্ব নির্বাচন কমিশনকে দিচ্ছেন অধিকাংশ। ছবি: পিটিআই।
প্রথমবার হয়েছিল ১৯৭১ সালে। তার পরে আবার এই ২০২৬ সালে। এমন ‘অবাধ এবং শান্তিপূর্ণ’ নির্বাচন পশ্চিমবঙ্গ সাধারণত দেখেনি। ব্যতিক্রম এক বার— ২০১১ সাল।
৫৭ বছর আগের এক বিধানসভা নির্বাচনে প্রথম পশ্চিমবঙ্গের নির্বাচনে ‘রিগিং’ শব্দটি আলোচিত হয়েছিল। সেই থেকে এ বার পর্যন্ত মোট ১৪টি বিধানসভা নির্বাচনের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। ২০১১ সাল ধরলে ১৪টি নির্বাচনের মধ্যে মাত্র তৃতীয় বার যথার্থই ‘অবাধ এবং শান্তিপূর্ণ’ ভোট দেখল এই রাজ্য।
এমন ভোট করানোর মূল কৃতিত্ব অবশ্যই নির্বাচন কমিশনের। ‘ভয়ভীতিহীন’ ভোট করাতে বদ্ধপরিকর কমিশনের ভরসায় দুই দফাতেই ভোটদানের হার ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু দু’টি দফাতেই একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি। দ্বিতীয় দফার ভোট শেষের পরে কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ এমন একটি বিধানসভা নির্বাচন দেখল, যে বার ভোটের দিন তো নয়ই, প্রচারপর্বেও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। অথচ পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটে ২৪ জনের প্রাণ গিয়েছিল পশ্চিমবঙ্গে। তার পাঁচ বছর আগে ২০১৬ সালে সাত জন নির্বাচনী হিংসার বলি হয়েছিলেন। এ বার সে সংখ্যা শূন্য। ভোটের দিন কোথাও কোনও বোমাবাজির ঘটনাও ঘটেনি। অথচ মাত্র পাঁচ বছর আগের ভোটে ৬০টিরও বেশি বোমাবাজির ঘটনা ঘটেছিল।
প্রায় রক্তপাতহীন নির্বাচন করানোর কৃতিত্ব কমিশনকেই দিচ্ছেন অধিকাংশ। তাঁদের মতে, যে ভাবে কমিশন এসআইআর প্রক্রিয়ার সময় থেকে ধাপে ধাপে রাজ্যের প্রশাসনে ‘নিয়ন্ত্রণ’ বাড়ানো শুরু করেছিল, ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ-প্রশাসনে বেনজির রদবদল ঘটিয়ে গোটা ব্যবস্থার খোলনলচে বদলে দিয়েছিল, তারই সুফল এই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। এজন্য সর্বাধিক কৃতিত্ব দেওয়া হচ্ছে কমিশনের তিন কর্তা সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) মনোজ অগ্রবাল এবং সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে।
মনোজ ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। রাজ্যের দেওয়া তিনটি প্যানেল বাতিল করে মনোজকে সিইও হিসাবে বেছে নিয়েছিল নয়াদিল্লির নির্বাচন সদন। তাঁর ঠান্ডা মাথা, ক্ষুরধার বুদ্ধি, সোজাসাপ্টা জবাব দেওয়ার ক্ষমতা বিশেষ আলোচিত। ফলে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পছন্দের অফিসার। কমিশন সূত্রে খবর, ভোটের কাজে প্রতিটি ধাপেই মনোজের প্রায় সব সুপারিশ জ্ঞানেশ মেনে নিয়েছিলেন। সুব্রতও ১৯৯০ ব্যাচেরই আইএএস। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক। প্রযুক্তি ভাল বোঝেন। তাঁকে এসআইআর পর্বে ‘বিশেষ রোল পর্যবেক্ষক’ হিসাবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ওই প্রক্রিয়ায় ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ে তাঁর বুদ্ধি কাজে লেগেছিল। সুব্রতর কাজে ‘খুশি’ হয়ে কমিশন তাঁকে বিধানসভা ভোটেও কাজে লাগায়। বিধানসভা ভোটে ‘বিশেষ পর্যবেক্ষক’ হিসাবে দায়িত্ব নেন তিনি। পুলিশ এবং পর্যবেক্ষকদের কাজে নজরদারি করেন সুব্রত। অবসরপ্রাপ্ত আইপিএস মিশ্রকে কমিশন নিয়োগ করেছিল ‘বিশেষ পুলিশ পর্যবেক্ষক’ হিসাবে। ১৯৮৮ সালের সিকিম ব্যাচের আধিকারিক মিশ্র কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দফতরে দীর্ঘদিন কাজ করেছেন। সেই সূত্রেই কলকাতায় আসা। অবসরের পরে দিল্লিবাসী হলেও এ রাজ্যে তিনি প্রায় সাত-আট বছর ছিলেন। পশ্চিমবঙ্গে কাজ করতে পছন্দ করেন।
কমিশনের একাধিক সূত্রের দাবি, শান্তিপূর্ণ ভোটের জন্য এই তিন আধিকারিকের ভূমিকা ‘খুবই গুরুত্বপূর্ণ’ ছিল। অশান্তি এড়াতে নিখুঁত পরিকল্পনা করেছিলেন এঁরাই। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং পুলিশ-প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার নীতিতে আস্থা রেখেই তাঁরা পশ্চিমবঙ্গে ভোটের ছবি বদলে দিয়েছেন।
বামেরা দাবি করেন, ১৯৭২ সালের বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন, যখন রাজ্যবাসী রিগিং-সন্ত্রাস দেখলেন। কংগ্রেস বা তৃণমূল নেতারা সে তত্ত্ব নস্যাৎ করেন। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়, ‘‘১৯৬৯ সাল থেকেই রিগিং শুরু এবং তা শুরু হয়েছিল সিপিএমের হাত ধরে।’’ পরে ১৯৭১ সালের বিধানসভা নির্বাচনেও সিপিএম পশ্চিমবঙ্গে বৃহত্তম দল হয়। সে বারের নির্বাচন (অন্তত ভোটগ্রহণ) মোটের উপরে অবাধ ছিল বলেই প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি। তবে সৌগত সে কথা মানছেন না। তিনি বলছেন, ‘‘১৯৬৯ সালের মতো ১৯৭১ সালেও অনেক আসনেই সিপিএম চোরাগোপ্তা রিগিং চালিয়েছিলে। সে সব করেই বেশি আসন পেয়েছিল।’’
রক্তপাত বা প্রাণহানির ঘটনা যদি মাপকাঠি হয়, তা হলে ১৯৭১ সালের বিধানসভা নির্বাচন এ বারের নির্বাচনের চেয়ে পিছিয়েই থাকবে। তৎকালীন রাজনীতিকদের মধ্যে যাঁরা এখনও রাজনীতিতে সক্রিয়, তাঁরা বলছেন, নকশাল জমানার শেষ দিকে হওয়া সে নির্বাচনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশ নিয়েছিলেন ঠিকই। কিন্তু এ কথাও মনে রাখতে হবে যে, সে বারের নির্বাচনে চার জন প্রার্থী খুন হয়ে গিয়েছিলেন।
তার পরে ১৯৭২ সালে কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে। সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী হন। কিন্তু সে নির্বাচনকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ‘কালো’ নির্বাচন হিসাবে বামেরা দাগিয়ে দিয়েছিল। ‘প্রবল রিগিং’-এর কারণেই বরানগরের মতো তদানীন্তন বামদুর্গে জ্যোতি বসুর মতো প্রার্থী পরাস্ত হয়েছিলেন বলে সিপিএম এখনও দাবি করে। তার জেরেই ১৯৭৭ সালের ভোটে কংগ্রেস শোচনীয় প্রত্যাখ্যানের মুখে পড়েছিল বলে বামেদের ব্যাখ্যা। পুরনো কংগ্রেসিরা সে তত্ত্ব পুরোপুরি মানতে চান না।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও বামেদের তত্ত্বে পুরোপুরি সিলমোহর দিচ্ছেন না। ১৯৭২ সালের ‘রিগিং’-অভিযোগ তিনি অস্বীকার করছেন না। কিন্তু তার জেরে ১৯৭৭ সালে কংগ্রেস হেরেছিল বলে তথাগত মনে করেন না। তাঁর কথায়, ‘‘১৯৭৭ সালে কংগ্রেস আসলে হাল ছেড়ে দিয়েছিল। জরুরি অবস্থার জেরে যে পরিমাণ ক্ষোভ কংগ্রেসের বিরুদ্ধে তৈরি হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় নিজেই হাল ছেড়ে দেন। তিনি সে বার আর ভোটেই লড়লেন না। পশ্চিমবঙ্গ ছেড়ে কার্যত পালিয়ে গেলেন। কংগ্রেসের ছন্নছাড়া দশা হল। সেই শূন্যতার সুযোগ নিয়ে সিপিএম নিজেদের আরও সংগঠিত করল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথম বার ক্ষমতা দখল করল।’’ তবে ১৯৭৭ সালের নির্বাচনকে তথাগত ‘অবাধ ও শান্তিপূর্ণ’ বলে মানতে নারাজ। তার চেয়ে ১৯৭১ সালে বরং জনসাধারণের অংশগ্রহণ বেশি ‘স্বতঃস্ফূর্ত’ ছিল বলে সৌগতের মতো তথাগতও মনে করেন।
১৯৭৭ সালের লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসঙ্গে হয়েছিল। সে বার সৌগত ব্যারাকপুর লোকসভায় কংগ্রেসের প্রার্থী ছিলেন। রাজ্য জুড়ে কংগ্রেস শিবিরে হাহাকারের মধ্যেও সৌগত জিতেছিলেন। সিপিএম সৌগতের বিরুদ্ধে ‘বেপরোয়া রিগিং’-এর অভিযোগ তুলেছিল। সৌগত সে বিতর্কের কথা অস্বীকার করছেন না। তাঁর কথায়, ‘‘সিপিএম অভিযোগ তুলেছিল এবং তা নিয়ে আমার বিরুদ্ধে একটা মামলাও করেছিল। কিন্তু পরে সিপিএম সে মামলা প্রত্যাহার করে নেয়।’’ তবে ২০২৬ সালে সদ্য যে ভোটগ্রহণ হল, তাকে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ বলে সৌগত মেনে নিচ্ছেন। তাঁর কথায়, ‘‘২০১১ সালেও পশ্চিমবঙ্গে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণই হয়েছিল। তার পরে ২০১৬ বা ২০২১ সালেও তাই। ভোটে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন মোটের উপরে অবাধেই হয়। কিন্তু এ বারের নির্বাচনকে অবশ্যই অবাধ বলে আমি মানব।’’ তার কৃতিত্ব সৌগত নির্বাচন কমিশন, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীকে যেমন দিচ্ছেন, তেমনই দিচ্ছেন রাজনৈতিক দলগুলিকেও। নির্বাচনকে প্রাণহানিমুক্ত রাখতে প্রত্যেকের ভূমিকাই ‘সন্তোষজনক’ বলে দমদমের তৃণমূল সাংসদের মত।