WB Assembly Elections 2026

ভোট গণনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের! হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণ-সহ দুই আইনজীবীর, বৃহস্পতিবার হতে পারে শুনানি

প্রসঙ্গত, এ বার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের জন্য ৮৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১১:৪৯
ভোটগণনাকে কেন্দ্র করে জোড়া মামলা হাই কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটগণনাকে কেন্দ্র করে জোড়া মামলা হাই কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোট গণনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।

Advertisement

কল্যাণের বক্তব্য, ভোট গণনাকেন্দ্রে সুপারভাইজ়ার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে কমিশন। ওই সিদ্ধান্ত তারা নিতে পারে না। এ বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত। তিনি এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে।

অন্য দিকে, দ্বিতীয় মামলাটি করতে চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিশ্বরূপ। তাঁর প্রশ্ন, হঠাৎ করে গণনাকেন্দ্রের স্থান বদল কেন করা হচ্ছে? দু’টি বিষয়েই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা। আগামী ৪ মে ভোটগণনা। তার আগেই গণনাকেন্দ্র নিয়ে জোড়া মামলা দায়ের হল হাই কোর্টে।

প্রসঙ্গত, প্রথম দফার ভোট শেষ হয়েছে ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোট হল বুধবার, ২৯ এপ্রিল। রাজ্য জুড়ে দু’দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে। এ বার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের জন্য ৮৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ধরে ধরে গণনাকেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৮টি। এ বার তা কমেছে।

Advertisement
আরও পড়ুন