India vs England

ইংল্যান্ড সিরিজ়ে নেই হার্দিক, ফিটনেস পরীক্ষায় ব‍্যর্থ ভারতের অলরাউন্ডার, কোহলির পরীক্ষা সোমবার

আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও এক দিনের সিরিজ় থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। ৫০ ওভারের ম্যাচের ধকল নেওয়ার মতো জায়গায় নেই তিনি। আগামী ২২ জুন ফিটনেস পরীক্ষা দেবেন বিরাট কোহলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১২:৫৯
picture of cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলে পাওয়া চোট এখনও সম্পূর্ণ সারেনি অলরাউন্ডারের। বিরাট কোহলি খেলতে পারবেন কিনা জানা যেতে পারে ২২ জুন। সে দিন ফিটনেস পরীক্ষা দেবেন কোহলি।

Advertisement

আইপিএলের সময় পিঠে চোট পান হার্দিক। ব্যথার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি। যদিও আইপিএলের শেষ দু’টি ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেন তিনি। এখন তিনি রয়েছেন বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই)। সেখানে রিহ্যাব চলছে অলরাউন্ডারের। বোর্ড সূত্রে খবর, ৫০ ওভারের ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও নেই হার্দিকের। ফিটনেস পরীক্ষার ফলে সন্তুষ্ট নন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। বল করতে সমস্যা হচ্ছে ৩২ বছরের হার্দিকের।

কিছু দিন আগে অনুশীলনে ১০ ওভার বল করেছিলেন হার্দিক। তাতে একটা আশা তৈরি হয়। কিন্তু ৫০ ওভারের ম্যাচের ধকল নেওয়ার মতো জায়গায় নেই তিনি। খেলতে পারেননি আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ও। সিওইতে রিহ্যাব চলাকালীনও নতুন করে চোট পান হার্দিক।

অন্য দিকে, আইপিএলের সময় চোট পান কোহলিও। তিনি এখন সপরিবার লন্ডনে রয়েছেন। সেখানে রিহ্যাব করছেন। ফিটনেসের সমস্যা প্রায় নেই। আগামী ২২ জুন তিনি বেঙ্গালুরুর সিওইতে আসবেন। ফিটনেস পরীক্ষা দেবেন। সম্ভবত সে দিনই ইংল্যন্ড সফরের এক দিনের দল নির্বাচন করবেন অজিত আগরকরেরা। টি-টোয়েন্টি সিরিজ়ের দল আগেই ঘোষণা করেছে বিসিসিআই।

Advertisement
আরও পড়ুন