Viral Video

‘চমকে দিলেন, আপনি আমার প্রেরণা’! বিশেষ ভাবে সক্ষম ডেলিভারি কর্মীকে বললেন তরুণ, কেন? ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে জানা গিয়েছে, এক ব্যক্তির জীবন সংগ্রামের কথা। তিনি বিশেষ ভাবে সক্ষম। তা সত্ত্বেও হার মানেননি তিনি। লড়ে চলেছেন জীবনের প্রতি পদে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৪:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কিছু মানুষ থাকেন যাঁরা সহজে হাল ছেড়ে দেন না। জীবন প্রতিনিয়ত তাঁদের পরীক্ষা নিয়ে চলে, কিন্তু তাঁরা কোনও মতেই হার মানেন না। দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেন। সম্প্রতি এমনই এক মানুষের জীবনসংগ্রামের কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর গল্প অনুপ্রেরণা জুগিয়েছে বহু মানুষকে।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি খাবার সরবরাহকারী সংস্থার কর্মী খাবার পৌঁছে দিতে এসেছেন এক ব্যক্তির দোরগোড়ায়। আজকের দিনে এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা। তবে সেই ঘটনাই অসাধারণ হয়ে উঠেছে ওই কর্মীর দৌলতে। তিনি বিশেষ ভাবে সক্ষম। হুইলচেয়ারে করে খাবার দিতে এসেছেন তিনি। তাঁকে দেখে খাবার যে ব্যক্তি নিচ্ছেন, তিনি অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েন। ওই কর্মীকে বার বার ধন্যবাদ জানান। জিজ্ঞাসা করেন, অন্য যে সব মানুষের বাড়ি বাড়ি তিনি খাবার পৌঁছে দেন, তাঁদের সকলে কেমন আচরণ করেন? উত্তরে ওই কর্মী জানান, ৯৯ শতাংশ মানুষই খুবই সাহায্য করেন।

ইনস্টাগ্রামের ‘হর্ষ_._পিওভি’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যে যুবক ওই কর্মীর সঙ্গে কথা বলছিলেন, তাঁর মুখ যদিও ভিডিয়োয় দেখা যায়নি। ক্যামেরার ও পারে ছিলেন তিনি। ভিডিয়োটির শেষে দেখা যায় ওই কর্মীকে ১০০ টাকা দিয়ে যুবক জানান, এটি তাঁর তরফ থেকে ওই কর্মীকে সাধুবাদ জানানোর একটি উপায় মাত্র। তবে, ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি পোস্ট করার পরে বহু বার তা দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন সেই ভিডিয়ো। অজস্র মন্তব্য জমা পড়েছে। ওই কর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। তাঁর জীবন সংগ্রামকে অনুপ্রেরণা বলে মনে করেছেন প্রায় সকলেই। কেউ কেউ আবার ওই খাবার সরবরাহকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বিশেষ ভাবে সক্ষম এক মানুষকে নিয়োগ করার জন্য।

Advertisement
আরও পড়ুন