Kolkata Traffic Restriction

মোদীর সফর উপলক্ষে শহরে যান নিয়ন্ত্রণ, বিকেল থেকে বন্ধ কোন রাস্তা? কিসে কিসে ছাড়?

তারকেশ্বর থেকে শনিবার বিকেলে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে থাকবেন লোকভবনে। রবিবার সকালে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানেও থাকবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৩:১২
কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শনিবার এবং রবিবার।

কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শনিবার এবং রবিবার। —ফাইল চিত্র।

দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের উদ্‌যাপনে তিনি থাকবেন তারকেশ্বরে। বিকেলে কলকাতায় চলে আসবেন। শহর ছাড়বেন রবিবার সকালে। ফলে শনিবার বিকেল থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করেছে শুভেন্দু অধিকারীর পুলিশ।

Advertisement

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে রেড রোডে। সেখানেও প্রধানমন্ত্রী নিজে থাকবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে আগে থেকেই যান চলাচলে কিছু বিধিনিষেধ ছিল। মোদীর সফরের জন্য আরও কিছু নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। শুক্রবার রাতেই কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে সেই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। কিছু রাস্তায় মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরি পরিষেবায় মিলবে ছাড়।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা শহরে কলকাতা পুলিশের অধীনস্ত এলাকায় মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে এ ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সব্জি, ওষুধ, ফল, দুধ, মাছের গাড়িকে ছাড় দেওয়া হবে। বাকি গাড়ি ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। রাত ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্তও মালবাহী গাড়ির জন্য এই নিয়ন্ত্রণ বহাল থাকবে। এই সময়ের মধ্যে অন্যান্য গাড়ির ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ প্রযুক্ত হতে পারে। নিয়ন্ত্রণ করা হবে পার্কিংও।

এ ছাড়া, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। এই রাস্তা দিয়ে কোনও গাড়ি চলাচল করতে পারবে না। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ট্র্যাফিক সংক্রান্ত এই নির্দেশিকা জারি করেছেন।

Advertisement
আরও পড়ুন