Private Secretary Jobs 2026

সরকারি বিভাগে এবং আদালতে প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগ কী ভাবে? কারা পান সুযোগ?

সরকারি সংস্থার দফতরে, আদালতে প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। ওই পদে নিয়োগ কী ভাবে করা হয়, রইল বিশদ তথ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:১৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিভিন্ন মন্ত্রক এবং সরকারি দফতরের বিভাগে আধিকারিকদের সঙ্গে থাকেন প্রাইভেট সেক্রেটারি। সংশ্লিষ্ট আধিকারিকদের দৈনন্দিন কাজের সূচি তৈরি, প্রশাসনিক বৈঠক আয়োজন, বৈঠকের কার্যবিবরণী লেখার দায়িত্ব তাঁদেরই পালন করতে হয়। এ ছাড়াও বিভিন্ন দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, নথি সংরক্ষণ, চিঠি আদানপ্রদানের কাজও প্রাইভেট সেক্রেটারি-ই করে থাকেন। এই একই কাজ করেন আদালতে নিযুক্ত প্রাইভেট সেক্রেটারিরাও। দু’ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে নিয়োগের পদ্ধতি আলাদা। কিন্তু এই পদে চাকরি পেতে কী যোগ্যতা থাকা চাই— রইল বিস্তারিত।

Advertisement

কারা হতে পারেন প্রাইভেট সেক্রেটারি?

যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই পদে চাকরির সুযোগ পেতে পারেন। তবে, তাঁদের ইংরেজিতে দ্রুত টাইপিং এবং শর্টহ্যান্ড, ডেটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং-এর দক্ষতা থাকতেই হবে। পাশাপাশি, তথ্য নথিবদ্ধ করার কাজের কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হয় প্রাইভেট সেক্রেটারিদের। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

কোথায় কী ভাবে নিয়োগ?

  • স্টাফ সিলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর তরফে গ্রুপ-সি ও ডি বিভাগে স্টেনোগ্রাফার এবং গ্রুপ-বি বিভাগের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা ডেপুটেশন বা পদোন্নতির মাধ্যমে প্রাইভেট সেক্রেটারি (গ্রেড-১) পদে চাকরির সুযোগ পেয়ে থাকেন। সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফার সার্ভিস-এর অধীনে উল্লিখিত পদে নিয়োগ করা হয়ে থাকে।
  • আদালতে প্রাইভেট সেক্রেটারি পদে সরাসরি কাজের সুযোগ পাওয়া যায়। তবে, এ ক্ষেত্রেও নিয়োগের জন্যে পরীক্ষায় পাশ করা আবশ্যক। বিভিন্ন রাজ্যের আদালতের নিয়োগ কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেয়। তবে, চলতি বছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে এলাহাবাদ হাই কোর্টে প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছে।

বেতনক্রম:

সরকারি বিভাগে এবং আদালতে প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্তদের সপ্তম পে কমিশনের অধীনে বেতন দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে বেতনের অঙ্ক বার্ষিক ২ লক্ষ টাকা থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

তাই যাঁরা প্রাইভেট সেক্রেটারি পদে কাজ করতে চান, তাঁদের দ্রুত টাইপিং এবং শর্টহ্যান্ড-এর অভ্যাস করতে হবে। পাশাপাশি, স্টেনোগ্রাফার কিংবা পার্সোনাল সেক্রেটারি পদে নিয়োগের পরীক্ষার পুরোনো প্রশ্নও নিয়েও চর্চা করা দরকার। তবেই, উল্লিখিত পদে চাকরির সুযোগ পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন