IGNOU Recruitment 2025

ইগনু খুঁজছে কনসালট্যান্ট, কোন বিভাগের জন্য কেমন যোগ্যতায় করা যাবে আবেদন?

সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ ছ’মাস। এর পর তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৭:৪৫
IGNOU

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মখালি। সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রশাসনিক বিভাগের জন্য এই নিয়োগ। যেখানে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলে নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে। পূর্ণ সময়ের এই পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা।

এ জন্য আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের এলএলএম ডিগ্রি বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। আবেদনকারীদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রদত্ত রেজিস্ট্রেশন ও লাইসেন্স এবং তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

এ জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। আগামী ১৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন