আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
গবেষণাধর্মী কাজের সুযোগ শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ। প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে।
মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে হোমিয়োপ্যাথি নিয়ে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। সে জন্য নিয়োগ করা হবে একজন জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর কর্মদক্ষতা এবং প্রকল্পের প্রয়োজনে মেয়াদ বাড়িয়ে তিন বছর করা হতে পারে।
প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে ৪৮,১০০ টাকা। তৃতীয় বছরে সাম্মানিক বেড়ে দাঁড়াবে মাসে ৫৪,৬০০ টাকা। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ২৮ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের মেটালার্জি, মেটিরিয়ালস সায়েন্স, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, সেরামিক ইঞ্জিনিয়ারিং-সহ অন্য বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতকোত্তরের পাশাপাশি নেট বা গেট উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগামী ৯ মার্চ প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।