রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ছবি: সংগৃহীত।
ব্যাঙ্কে কাজের জন্য সহায়ক খুঁজছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংস্থার তরফে অ্যাসিস্ট্যান্ট পদে ৬৫০ জনকে নিয়োগ করা হবে। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের বিভিন্ন রাজ্যের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র দফতরে কাজ করার সুযোগ থাকছে।
যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই অ্যাসিস্ট্যান্ট পদে কাজের সুযোগ মিলতে পারে। তবে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৫৮,৫১৪ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
লিখিত পরীক্ষা এবং ভাষাগত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা দু’ভাগে হতে চলেছে— প্রিলিমিনারি এবং মেন। প্রথম পরীক্ষার পূর্ণমান ১০০ এবং দ্বিতীয় পরীক্ষায় পূর্ণমান ২০০ টাকা। পরীক্ষার জন্য কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, পটনার বিভিন্ন শহরের কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ থাকবে। পরীক্ষা দেওয়ার জন্য ৪৫০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।
আগ্রহীদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য ৮ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা ১১ এপ্রিল, মেন পরীক্ষা ৭ জুন হতে পারে। তবে, ওই সূচি পরবর্তীতে বদল করাও হতে পারে। তাই এই বিভাগের নিয়োগের পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে নিয়মিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।