ছবি: এআই সহায়তায় প্রণীত।
কর্মী নিয়োগ করা হবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ন্যাশনাল সার্ভিস স্কিমে চুক্তির ভিত্তিতে প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের আগে থেকে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে ওই পদে অভিজ্ঞতাসম্পন্ন অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। তাঁর ন্যাশনাল সার্ভিস স্কিমের অধীনে অন্তত তিন বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও তাঁর ওরিয়েন্টেশন কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন।
প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। কিন্তু কত টাকা পারিশ্রমিক হিসাবে তাঁকে দেওয়া হবে, সে সংক্রান্ত কোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
আগ্রহীদের এ জন্য আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোর্টালে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ৫ জুন। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।