Bollywood News

‘সঠিক মানুষ জীবনে এলে নিশ্চয় বিয়ে করব’, ৬৭ বছরের মুকেশ বিয়ে প্রসঙ্গে কী বললেন?

তাঁকে এখনও দর্শক ‘শক্তিমান’ নামেই চেনে। ৬৭ বছরের মুকেশ খন্না কেন এখনও ‘সিঙ্গল’? কী বললেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৯:১১
বিয়ে প্রসঙ্গে কী বললেন মুকেশ?

বিয়ে প্রসঙ্গে কী বললেন মুকেশ? ছবি: সংগৃহীত।

মায়ানগরীর পরিচিত মুখ মুকেশ খন্না। তাঁকে এখনও দর্শক ‘শক্তিমান’ নামেই চেনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে প্রসঙ্গে কথা বললেন অভিনেতা। জানালেন তিনি বিয়ে না করলেও বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করেন।

Advertisement

আগে অনেক বার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। তবে এ বার কোনও বিতর্কে ঢুকতে চাননি। তিনি জানিয়েছেন, ৬৭ বছর বয়সেও তিনি এখনও সিঙ্গল? অভিনেতা ভাগ্যে বিশ্বাসী। যখন যেটা হওয়ার সেটা ঠিকই হবে।

তিনি বলেন, “আমার এখনও মনে হয়, আমার হবু স্ত্রী পৃথিবীর কোথাও না কোথাও আছেন। সময়ে এলে ঠিক আমাদের দেখা হবে। অনেকেই ভাবেন বিয়ে করিনি মানে বৈবাহিক সম্পর্কের বিষয়ে আমার কোনও ধারণা নেই। এটা তো ভুল। আসলে ভগবান যে সময় স্থির করে রেখেছেন, তখনই মনের মতো সঙ্গী জীবনে আসবে। তার আগে বা পরে কিছুই হবে না। ইদানীং প্রেমের নামে অনেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান। যেটা কোনও ভাবেই আমি ঠিক বলে মনে করি না।”

উল্লেখ্য, এর আগে মুকেশের একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। তাঁর মতে, মেয়েরা স্বাধীন ভাবে রোজগার শুরু করার পরেই সমাজে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেছিলেন, “মেয়েদের কাজ সংসার সামলানো। আর পুরুষদের কাজ রোজগার করা। মহিলারা যদি চাকরিতে ব্যস্ত হয়ে যান, তা হলে সন্তানদের বড় করবেন কী ভাবে?” এই কথাতেই খুব বিরক্ত হয়েছিলেন সবাই। এই ঘটনার পরে বিপুল সমালোচনা সহ্য করতে হয় মুকেশকে।

Advertisement
আরও পড়ুন