ক্যাটরিনাকে নিয়ে কোন ভুয়ো খবর রটছে? ছবি: সংগৃহীত।
গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাটরিনা কইফ। সংসার ও সন্তান নিয়েই কাটছে তাঁর দিন। সেই সঙ্গে চালিয়ে যাচ্ছেন প্রসাধনী সংস্থার ব্যবসাও। অভিনয় থেকে দূরে বহু দিন ধরেই। সম্প্রতি খবর ছড়ায়, সংসার ও সন্তান — সব সামলে নাকি বড় সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা। ফের নাকি অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। চিত্রনাট্যও নাকি পড়া শুরু করেছেন। সত্যিই কি তাই? মুখ খুললেন ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র।
সেই ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা এখনও করেননি ক্যাটরিনা। ওটিটি-তে ফিরছেন তিনি, ছড়িয়ে পড়া এই খবর সম্পূর্ণ ভুল বলেও দাবি ওই সূত্রের। তিনি বলেছেন, “ভবিষ্যতে অভিনয়ের পরিকল্পনা নিয়ে ক্যাটরিনার সম্পর্কে যে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল। এর কোনও সত্যতা নেই। সম্পূর্ণ ভুল তথ্য ও জল্পনার উপর নির্ভর করে এই খবর ছড়ানো হয়েছে। তথ্য যাচাই পর্যন্ত করানো হয়নি।”
২০২৪ সালে ক্যাটরিনার শেষ ছবি ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পেয়েছিল। বিজয় সেতুপতির বিপরীতে ছিলেন তিনি। অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছিলেন। কিন্তু এর পর তিনি আর কোনও নতুন ছবির কাজ নেননি। আড়ালে থেকেছেন বেশ কিছুটা সময়। এর মধ্যেই খবর ছড়ায়, কাজে ফিরতে প্রস্তুত ক্যাটরিনা। বলিউডের এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “কিছু দিন ধরে ক্যাটরিনা কইফ আবার বিভিন্ন ছবির চিত্রনাট্য পড়তে শুরু করেছেন। শোনা যাচ্ছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরতে চান। তবে তিনি এমন একটি গল্প খুঁজছেন, যেখানে সময় দিলে আদতে ভালই হবে। সেই কারণেই তিনি ওটিটি-র কাজের দিকেও নজর দিচ্ছেন। কারণ, সেখানে অভিনয় করার ভাল সুযোগ পাওয়া যায়।”
সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি কাজ করা যায়, এমন চিত্রনাট্যের খোঁজে নাকি আছেন ক্যাটরিনা। কিন্তু এই খবর নাকি সর্বৈব ভুল, দাবি করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। তবে ক্যাটরিনা বা তাঁর সহযোগী দলের পক্ষ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘ দিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছিল তীর্থস্থানে, কখনও কোনও অনুষ্ঠানে। এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে, গত ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকির কোলে আসে পুত্রসন্তান। তারকাদম্পতি পুত্রের নাম রেখেছেন— বিহান কৌশল।