প্রেমিকা গৌরীকে কী উপহার দিলেন আমির? ছবি: সংগৃহীত।
অভিনেতা আমির খান এবং তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে ছোটবেলার বান্ধবী গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় সর্বত্র তাঁদের একসঙ্গে হাত ধরে দেখা যায়। এ বার প্রেমিকাকে বিশেষ উপহার দিলেন অভিনেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গৌরীর হাতে সেই বিশেষ উপহার দেখে চমকে গিয়েছেন অনেকে।
সাধারণ মানুষ ইচ্ছা করলেও সেই জিনিস কিনতে পারবেন না। পকেটে যদি কোটি টাকাও থাকে, তা হলেও কেনার উপায় নেই। মনে প্রশ্ন জাগতেই পারে, কেন? কী এমন উপহার নিজের প্রেমিকার জন্য কিনেছেন আমির? আসলে নায়ক এমনই একটি বিশেষ আংটি উপহার দিয়েছেন গৌরীকে, যা এখনও বাজারে আসেইনি। হাতে তৈরি সেই আংটির মূল্য কয়েক কোটি টাকা। বিলাসবহুল কোম্পানির সেই আংটি এখনও বাজারে আসেনি। সেটা ইতিমধ্যেই কিনে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি গৌরীর আঙুলে জ্বলজ্বল করতে দেখা গেল সেই আংটি।
এমনিতেই আমিরের সম্পত্তির তালিকায় রয়েছে একের পর এক দামি জিনিস। প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। এ ব্যাপারে রীতিমতো পাল্লা দেন সলমন খান ও শাহরুখ খানের সঙ্গে। আমিরের সম্পত্তির মধ্যে অন্যতম হল বান্দ্রায় তাঁর সমুদ্রমুখী বাড়ি। দোতলা বাড়িটি পাঁচ হাজার বর্গফুটের। বাড়ির একটি তলে আমির অফিস তৈরি করেছেন। এই বাড়িটির মূল্য ৬০ কোটি। এই বাড়ির জন্যই মুম্বইয়ের অন্যতম ধনী তারকা আমির। এ ছাড়াও মহারাষ্ট্রের পঞ্চগনি অঞ্চলে একটি বাড়ি রয়েছে। শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি পেলেই সেখানে সময় কাটান তিনি। সেখানে দু’একর জমিতে একটি বাগানবাড়ি রয়েছে আমিরের। এই বাড়ি সাত কোটি টাকা দিয়ে কিনেছিলেন তিনি। এখানেই শেষ নয়, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিল্স অঞ্চলে আমিরের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তার দাম ৭৫ কোটি টাকা। এ বার সেই তালিকায় যুক্ত হল গৌরীর আংটি।