Abhishek bachchan

মেয়ে আরাধ্যার থেকে সিনেমা সম্পর্কে কোনও মতামত নিতে চান না অভিষেক! নেপথ্যে রয়েছে কোন কারণ?

গত কয়েক বছরে সমালোচকদের কাছে বিশেষ প্রশংসিত হয়েছে অভিষেকের অভিনয়। যদিও অভিষেক নাকি ভয় পান আরাধ্যার সমালোচনাকে। কিন্তু কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:১৪
(বাঁ দিকে) আরাধ্যা বচ্চন, (ডান ডিকে) অভিষেক বচ্চন।

(বাঁ দিকে) আরাধ্যা বচ্চন, (ডান ডিকে) অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

তারকা পরিবারে জন্ম হয়েছে আরাধ্যা বচ্চনের। ঠাকুরদা অমিতাভ বচ্চন, ঠাকুরমা জয়া বচ্চন, বাবা অভিষেক বচ্চন, মা ঐশ্বর্যা রাই বচ্চন— সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু, এখনও পর্যন্ত সিনেমা দেখার অভ্যাস তেমন ভাবে তৈরি হয়নি আরাধ্যার। বাবা-মাকে একসঙ্গে কোনও সিনেমাতে দেখেওনি সে। অন্য দিকে, বাবা অভিষেক নাকি এমনিই চান না যে, মেয়ে তাঁর সিনেমা দেখুক। এমনকি মেয়ের থেকে সিনেমা সংক্রান্ত কোনও উপদেশই নিতে চান না তিনি। কেন?

Advertisement

প্রতিনিয়ত বাবার সঙ্গে তুলনা, তারকাসন্তান হওয়ার বাড়তি বোঝা কাঁধে নিয়েই ইন্ডাস্ট্রিতে আসেন অভিষেক। যদিও বহু বছরের চেষ্টায় বলিউডে স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পেরেছেন তিনি। শোনা যাচ্ছে, শাহরুখ খানের পরবর্তী ‘কিং’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। গত কয়েক বছরে সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। অথচ অভিষেক নাকি ভয় পান আরাধ্যাকে।

অভিষেকের কথায়, ‘‘আমি আমার সিনেমা সংক্রান্ত কোনও আলোচনা আরাধ্যার সঙ্গে করি না। আসলে ও ভাল বা মন্দ যা-ই বলবে, সেটা আমার কাজের ধরনকে পুরো পাল্টে দেবে। হয়তো আমি মানসিক ভাবে ততটা শক্ত নই যে, আরাধ্যার মতামতটা গ্রহণ করতে পারব। বরং আমি আমার ভাবের দুনিয়াতে থাকতেই বেশি পছন্দ করি।’’

যদিও অভিষেক জানেন, আরাধ্যা যা বলবে, তা সত্যিই বলবে। তিনি আগেই জানিয়েছেন, বর্তমান প্রজন্মের সঙ্গে তাঁর এমনিতেই একটা ব্যবধান তৈরি হয়েছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের বাবা-মায়ের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় না। বরং তারা গুগলের উপর আস্থা রাখে বেশি। অভিষেকের কথায়, ‘‘এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি আত্মবিশ্বাসী। ওরা জানে, ওরা কী চায়। ওরা কিন্তু মুখের উপরে সত্যি কথা বলতে পারে। হতেই পারে সেই সত্যি শোনার মতো অবস্থা আপনার নেই।’’ ফলে মেয়ের নির্ভেজাল সমালোচনা থেকে দূরে থাকতেই পছন্দ করেন অভিষেক।

Advertisement
আরও পড়ুন