Bike Ambulance Dada's Shooting Start

উপস্থিত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিম! দেবের সঙ্গে শুটিংয়ে বিশেষ ভারপ্রাপ্ত প্রশাসনিক অলোক

খবর, দিন তিনেকের শুটিং হয়ে গিয়েছে। তাঁর জীবন নিয়ে ছবি। তাই শুট দেখতে কলকাতায় এসেছিলেন বাস্তবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১
দেবের সঙ্গে এক ফ্রেমে এসিপি অলোক সান্যাল।

দেবের সঙ্গে এক ফ্রেমে এসিপি অলোক সান্যাল। ছবি: ফেসবুক।

কলকাতায় জোরকদমে চলছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। ছবি ভাগ করে নিয়ে সে খবর নিজেই জানিয়েছেন দেব। পদ্মশ্রী সম্মানে সম্মানিত উত্তরবঙ্গের করিমুল হকের জীবন এই ছবিতে দেখাতে চলেছেন তিনি। সূত্রের খবর, ছবিতে তাঁর সঙ্গে এই প্রথম অভিনয় করছেন ওএসডি অলোক সান্যাল।

Advertisement

আরও খবর, নিজের ছবির শুটিং দেখতে শহরে হাজির বাস্তবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। ছবির দ্বিতীয় দিনের শুটিংয়ে তিনি উপস্থিত হয়েছিলেন ভারতলক্ষ্মী স্টুডিয়োয়। গত রবিবার থেকে সেখানেই শুটিং শুরু করেছেন দেব এবং তাঁর সহশিল্পীরা। আর কে কে আছেন এই ছবিতে? দেব এবং তাঁর দলের মুখে কুলুপ। তবে জানা গিয়েছে, তিন দিনের হয়ে যাওয়া শুটিংয়ে নাকি যোগ দিয়েছেন ইন্দ্রাশিস রায়ও।

শুটিং শুরুর খবর নিজেই ভাগ করে নেন দেব।

শুটিং শুরুর খবর নিজেই ভাগ করে নেন দেব। ছবি ফেসবুক।

প্রশাসনিক পদ সামলানোর পাশাপাশি ওএসডি অলোক অসংখ্য ছায়াছবি, ধারাবাহিক, সিরিজ়ে অভিনয় করেছেন। প্রশাসনিক মহল তাঁকে তাই ‘তারকা পুলিশ’-এর তকমা দিয়েছে। বর্তমানে অলোককে নিয়মিত দেখা যাচ্ছে, প্রযোজক স্নেহাশিস সান্যালের জনপ্রিয় ধারাবাহিক ‘আজকের পরশুরাম’-এ। ধারাবাহিকে তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের চরিত্রেই অভিনয় করছেন। ছবিতে এসিপি অলোককে কোন চরিত্রে দেখা যাবে? শোনা যাচ্ছে, তিনি উত্তরবঙ্গের এক চা বাগানের ম্যানেজার। তাঁর চা বাগানে চাকরি করতেন করিমুল। ছবিতে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ দেব।

খবর, এ বছর স্বাধীনতা দিবসে প্রথম ছবি আনছেন তারকা সাংসদ। বছরের শুরুতেই তাঁর ঘোষণা, ২০২৬-এ তিনি তিনটি ছবি আনতে চলেছেন। ১৫ অগস্ট প্রেক্ষাগৃহে আসবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় বিনা চিকিৎসায় মারা যান করিমুলের মা। তার পর থেকে তিনি নিজের বাইককে ‘অ্যাম্বুল্যান্স’ বানিয়ে বিনামূল্যে গ্রামের দরিদ্র অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। তাঁর এই সেবামূলক কাজ উদ্বুদ্ধ করেছে দেবকে। ছবি পরিচালনায় বিনয় মুদগীল। দেব পুজোয় আনছেন রোম্যান্স আর থ্রিলারের ককটেল ‘দেশু ৭’। পরিচালনায় সুজিত রিনো দত্ত। দেবের বিপরীতে আবার এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতে দেব ফিরিয়ে আনবেন ‘টনিক ২’-কে। পরিচালনায় অভিজিৎ সেন। প্রযোজনায় অতনু রায়চৌধুরী।

Advertisement
আরও পড়ুন