New Series Of Vikram Chatterjee

প্রথম প্রযোজনাতেই উলটপুরাণ! অভিনয়ে আসছেন সৃজিত, বাংলায় ময়াং চ্যাং, আর কী করছেন বিক্রম?

সিরিজ়ে পুলিশের গল্প। একের পর এক চমক। প্রযোজক কি নিজেও অভিনয় করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৫:৫৮
প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়ের সিরিজ়ে ময়াং চ্যাং, সৃজিত মুখোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার।

প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়ের সিরিজ়ে ময়াং চ্যাং, সৃজিত মুখোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ছবি: সংগৃহীত।

কথ্য ভাষায় ‘তারকাটা’ শব্দের মানে কিন্তু খুব ইতিবাচক নয়। বিক্রম চট্টোপাধ্যায়ের এই শব্দটাই পছন্দের! তাই তাঁর প্রথম সিরিজ়ের নাম ‘তারকাটা’!

Advertisement

হ্যাঁ, প্রযোজনায় পা রাখতে চলেছেন অভিনেতা বিক্রম। জ়ি ৫-এর সঙ্গে তাঁর প্রথম কাজ। আর প্রথম প্রযোজনাতেই একাধিক কাণ্ড ঘটাচ্ছেন! যেমন, পরিচালকের খোলস ছাড়িয়ে সৃজিত মুখোপাধ্যায়কে অভিনেতার পোশাক পরাচ্ছেন। আনন্দবাজার ডট কম-এর সঙ্গে এই বিষয়ে আড্ডা দিতে দিতে বিক্রম বললেন, “সৃজিতদা এত দিন নিজের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজ়ে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা।”

বিক্রমের দ্বিতীয় চমক, ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ময়াং চ্যাং! ইন্দো-চিন পরিবারের এই অভিনেতা-গায়কের জন্ম ধানবাদে। ‘বদমাশ কোম্পানি’-সহ একাধিক ছবি-সিরিজ়ে অভিনয় করেছেন। অতীতে বেশ কিছু বছর কলকাতায় কাটানোর সুবাদে ভাঙা বাংলা বলতে পারেন। “চ্যাং আমার সিরিজ়ের খলনায়ক। গাইবেন কি না জানি না। তবে ভাঙা বাংলা বলবেন”, বললেন নতুন প্রযোজক।

শমীক রায়চৌধুরীর পরিচালনায় সিরিজ়ে থাকবেন সত্যম ভট্টাচার্য, আয়ুশ দাসও।

শমীক রায়চৌধুরীর পরিচালনায় সিরিজ়ে থাকবেন সত্যম ভট্টাচার্য, আয়ুশ দাসও। ছবি: সংগৃহীত।

অভিনেতা-প্রযোজক কি সিরিজ়টি শুধুই প্রযোজনা করবেন? উঁহু! বিক্রম অভিনয়ও করবেন। এক প্রাক্তন পুলিশ অফিসার একটি খুনের তদন্তে ফিরবেন। সেই তদন্ত তাঁর অতীতের সঙ্গে জড়িত কি না, এটাই রহস্য। এই প্রাক্তন পুলিশ অফিসারই হলেন বিক্রম। আজ থেকে শুটিং শুরু। কলকাতা-টাকী মিলিয়ে শুট চলবে। ছবিতে এঁরা ছাড়াও থাকবেন দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচাৰ্য, আয়ুশ দাস প্রমুখ। সিরিজ় পরিচালনায় ‘বেলাইন’-খ্যাত শমীক রায়চৌধুরী।

কেন প্রযোজনায় এলেন বিক্রম? জবাব দিতে বেশি সময় নিলেন না। বিক্রম বললেন, “নিজের পেশাজীবনে উন্নতি করতে, নিজের মনের মতো ছবি বানাতে যাতে পারি, তাই বাকি অনেক অভিনেতার মতো আমিও প্রযোজনায় এলাম”। প্রথম কাজ, চোখে অনেক স্বপ্ন। বিক্রমের ইচ্ছা, ভাল ছবিও বানাবেন। এমন ছবি, যা বাংলা ছবির পায়ের নীচের জমি আরও পোক্ত করে।

Advertisement
আরও পড়ুন