Rupa Bhattacharya

সুসম্পর্ক থাকলেও কোনও লবির অংশ নই, তাই হয়তো পরিচালকদের মাথায় আমার নাম আসে না: রূপা

১১ জানুয়ারি অভিনেত্রী রূপা ভট্টাচার্যের জন্মদিন। বিশেষ দিনে খুব বেশি আড়ম্বর পছন্দ নয় তাঁর। নিজের অভিনয়জীবন নিয়ে কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬
অভিনেত্রী রূপা ভট্টাচার্য নিজের জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা ভাগ করে নিলেন।

অভিনেত্রী রূপা ভট্টাচার্য নিজের জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা ভাগ করে নিলেন। ছবি: সংগৃহীত।

সকাল থেকে শরীরচর্চা, নিয়ম মেনে খাওয়াদাওয়া আর উদ্‌যাপন বলতে একটু সিনেমা দেখতে যাওয়া। অভিনেত্রী রূপা ভট্টাচার্যের কাছে জন্মদিন মানে আলাদা কিছু নয়। তাই রোজকার মতো এ দিনও প্রায় একই নামচা। ইদানীং যে খুব বেশি ধারাবাহিক বা সিনেমায় তাঁকে দেখা যায় তেমনও নয়। কেন? জন্মদিনে দর্শকের সেই কৌতূহলও মেটালেন তিনি।

Advertisement

খুব বেশি আড়ম্বর কখনও তাঁর পছন্দ নয়। তাই জন্মদিনেও খুব বাড়াবাড়ি হোক চান না। রূপা বলেন, “রাতেই শ্বশুর-শাশুড়়ি ফোন করেছিলেন। আমরা গিয়ে উঠতে পারিনি। তবে মধ্যরাতে বর বেশ কিছু পরিকল্পনা করেছিল। কিছু বন্ধুও এসেছিল।” এ দিন যে লাগামছাড়া খাওয়াদাওয়া করবেন, তেমন মানুষ নন রূপা। এ দিনও তাই পাতে থাকবে স্যালাড।

কেন ইদানীং পর্দায় খুব বেশি দেখা যায় না অভিনেত্রীকে? ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। রূপা যোগ করেন, “সবার সঙ্গে ভাল সম্পর্ক থাকলেও আমি তো কোনও লবির অংশ নই। বুঝতে পারি না, কী করতে হয়! তাই হয়তো আমার কথা প্রথমেই পরিচালক প্রযোজকদের মাথায় আসে না। আরও একটা বিষয়, আসলে এখানে একটি কোনও চরিত্রে অভিনয় করলে তার পরে একই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ আসে। সেটাতেই আমি আরও ক্লান্ত।”

তবে অর্জুন দত্তের ‘বিবি পায়রা’ ছবিতে নতুন ভাবে দেখা যাবে রূপাকে। অভিনেত্রী জানিয়েছেন, এ ছাড়াও তাঁর আরও কিছু কাজের কথা হয়ে আছে। তবে এখনই ধারাবাহিকে দেখা যাবে কি না তাঁকে, তা নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন