Sambhavna Seth

একাধিক বার গর্ভপাত, ডিম্বাণু সংরক্ষণের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা! অবশেষে সুখবর দিলেন সম্ভাবনা

সম্ভাবনা সাক্ষাৎকারে বরাবর জানিয়েছিলেন, তিনি মা হতে চান। তবে তাঁর স্বামী কখনও এই বিষয়ে তাঁকে চাপ দেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৪:৩৫
অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন সম্ভাবনা।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন সম্ভাবনা। ছবি: সংগৃহীত।

সুখবর দিলেন ছোটপর্দার অভিনেত্রী সম্ভাবনা সেঠ। মা হতে চলেছেন তিনি। এর আগে সাত বার আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করেছিলেন তিনি। একাধিক বার গর্ভপাতও হয়েছিল। তাই অন্তঃসত্ত্বা হয়ে উচ্ছ্বসিত সম্ভাবনা। খুশির খবর ভাগ করে নিলেন ৪৫ বছরের অভিনেত্রী।

Advertisement

সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত সম্ভাবনা ও তাঁর স্বামী। সমাজমাধ্যমে অভিনেত্রী একটি পোস্টে লিখেছেন, “আমরা অন্তঃসত্ত্বা।” সারোগেসির মাধ্যমে সন্তানধারণ করছেন তিনি। সন্তানের আশায় দিন গুনছেন দম্পতি। সম্ভাবনার পোস্টে গৌহর খান লিখেছেন, “এর চেয়ে খুশির খবর আর হতে পারে না। ঈশ্বর তোমাকে সুস্থ রাখুন। এই সফরের প্রতি পদক্ষেপ যেন খুশিতে ভরে যায়।”

পুরনো এক সাক্ষাৎকারে গর্ভপাত ও আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণের চেষ্টার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। গর্ভপাত হওয়ার আগে সম্ভাবনা ও তাঁর স্বামী অবিনাশ একটি অন্তঃসত্ত্বাকালীন ফোটোশুটও করেছিলেন। পুরনো সাক্ষাৎকারে সম্ভাবনা বলেছিলেন, “আমার একাধিক বার গর্ভপাত হয়েছে। সাত বার আইভিএফ-এর মাধ্যমে মা হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছি। বিয়ের আগে আমি নিজের ডিম্বাণু সংরক্ষণও করেছিলাম। এর জন্য আমি ১.৫ লক্ষ টাকা খরচ করেছিলাম। কিন্তু ঈশ্বরের ইচ্ছের উপরে তো আর কিছু হয় না।”

ডিম্বাণু সংরক্ষণের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন সম্ভাবনা। তিনি বলেছিলেন, “এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। অনেক ওজন বেড়ে গিয়েছিল আমার। টানা ৮-১০ দিন ধরে এই পদ্ধতি চলে। পেটে বা উরুতে ইনজেকশন দেওয়া হয়। শেষ দিনে ডিম্বাণু বার করে আনার ২৪ ঘণ্টা আগে আরও একটা ইনজেকশন দিতে হয়। হয়ে যাওয়ার পরে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। মানসিক ভাবেও বিধ্বস্ত লাগে।”

সম্ভাবনা সাক্ষাৎকারে বরাবর জানিয়েছিলেন, তিনি মা হতে চান। তবে তাঁর স্বামী কখনও এই বিষয়ে তাঁকে চাপ দেননি। ‘মন্ডালা মার্ডার্স’ ওয়েব সিরিজ়ে সম্ভাবনাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন