Subhashree Stuck At Dubai

গভীর রাতের বিমান বাতিল, এখনও দুবাইয়েই শুভশ্রী-ইউভান! কবে ফিরবেন দেশে? জানালেন রাজ

ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী-মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু হঠাৎই পরিস্থিতি খারাপ হয়। কবে ফিরছেন তাঁরা দেশে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১১:৩৮
কবে ফিরবেন শুভশ্রী-ইউভান? জানালেন রাজ।

কবে ফিরবেন শুভশ্রী-ইউভান? জানালেন রাজ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার যৌথ আক্রমণ চলছে। তার আঁচ দুবাইয়েও। বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানকে নিয়ে বুধবার মধ্যরাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু খবর, সেই বিমান বাতিল হয়েছে। কী পরিস্থিতিতে আছেন অভিনেত্রী? কবে ফিরবেন দেশে? আনন্দবাজার ডট কম-কে জানালেন পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী।

Advertisement

রাজ জানিয়েছেন, বুধবার গভীর রাতের যে বিমানে শুভশ্রী ও ইউভানের ফেরার কথা ছিল, তা বাতিল হয়েছে। ফলে তাঁরা শুক্রবার, অর্থাৎ ৬ মার্চ ভোরের বিমান ধরবেন। সেই বিমানে মুম্বই নামবেন মা-ছেলে। সেখান থেকে আবার কলকাতার বিমানে নিজের বাড়ি ফেরার কথা তাঁদের।

ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী-মা। কিন্তু হঠাৎই পরিস্থিতি খারাপ হয়। স্ত্রী-পুত্রকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রককে জানিয়েছেন রাজ। এ ছাড়া অভিনেত্রীর বন্ধুরাও তাঁদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান রাজ।

পরিচালক-বিধায়ক জানিয়েছেন, দুবাইয়ের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত। তবে সরকারি নির্দেশে রাস্তাঘাট ফাঁকা। হোটেলে নিরাপদেই আছেন সবাই। মায়ের কাছে ইউভান ভাল আছে। রাজ নিজের পরিবারের পাশাপাশি প্রার্থনা করছেন সেই সব মানুষের জন্য, যাঁরা যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন ভিন্‌‌দেশে। একই সঙ্গে যুদ্ধবিরতিরও প্রার্থনা তাঁর।

Advertisement
আরও পড়ুন