Suvasmita-Sourav Wedding

অতীত আছে বলেই হয়তো এই সৌরভকে আমি পেয়েছি, তাই ভালবেসেছি: শুভস্মিতা

গত কয়েক মাস ধরে লুকোচুরি চলছিল। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা আনেননি তাঁরা। শুভস্মিতা জানালেন, তিনি আর রাখঢাক করে চলতে পারছিলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৫:৪৬
কবে বিয়ে করবেন শুভস্মিতা-সৌরভ?

কবে বিয়ে করবেন শুভস্মিতা-সৌরভ? ছবি: সংগৃহীত।

গলায় সোনার চিক, সীতাহার। হাতে সোনার বালা, মাথায় টিকলি। আর হাতে সোনার বালা। সুন্দর করে পরেছেন আলতা। সঙ্গে মানানসই লাল, সোনালি জরির শাড়ি। আশীর্বাদ অনুষ্ঠানে ঠিক এই ভাবেই সেজেছিলেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। আর হবু বর সৌরভ চক্রবর্তীর পাঞ্জাবি, ধুতিতেও ছিল রংমিলান্তি।

Advertisement

গত কয়েক মাস ধরে লুকোচুরি চলছিল। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা আনেননি তাঁরা। শুভস্মিতা জানালেন, তিনি আর রাখঢাক করে চলতে পারছিলেন না। অভিনেত্রী বলেন, “একজনকে ভালবেসেছি। প্রেম তো উদ্‌যাপন করা উচিত। আর লুকোছাপা করে চলতে পারছিলাম না। তাই দিয়ে দিলাম।” ননদের দেওয়া শাড়িতেই ও দিন নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। আর নতুন জামাইয়ের পোশাক পছন্দ করেছিলেন তাঁর শাশুড়ি।

শুভস্মিতা বলেন, “আমি নতুন মা পেলাম, এটাই বড় প্রাপ্তি। সৌরভ আমাকে আরও এক মা দিয়েছে, এটাই পাওয়া।” এর আগে সৌরভের অতীত নিয়ে বিপুল কাটাছেঁড়া হয়েছে। মধুমিতা সরকারের সঙ্গে সৌরভের বিয়ে, তার পরে বিয়ে ভাঙা— পার হয়েছে বেশ কয়েকটা বছর। তার পরেও এই আলোচনা চলছে। কখনও কি ভাবিয়েছে শুভস্মিতাকে?

অভিনেত্রী যোগ করেন, “আমাদের সবার জীবনেই অতীত আছে। সম্পর্ক যদি বিয়ে পর্যন্ত গড়ায় তা হলে তা আরও বড় আকার ধারণ করে। সময়ের সঙ্গে প্রতিটি মানুষের পরিবর্তন হয়। যদি অতীত না থাকত, তা হলে হয়তো যে সৌরভকে ভালবেসেছি, তাঁকে পেতাম না। তা হলে হয়তো ভাল লাগত না আমার। হতেই পারে।” শুভস্মিতা আর সৌরভের বিয়ে কবে? তা এখনই অবশ্য তাঁরা ঠিক করেননি। ধারাবাহিক শেষ না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা সম্ভব নয় তাঁদের পক্ষে, জানিয়েছেন নায়িকা।

Advertisement
আরও পড়ুন