Sourav-Suvasmita Wedding

বিয়ে নয়, গোপনে আশীর্বাদ সারলেন সৌরভ আর শুভস্মিতা? গুঞ্জন শুনে কী উত্তর দিলেন ‘লক্ষ্মী ঝাঁপি’র নায়ক

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সেট থেকে নাকি প্রেমের শুরু অভিনেতা সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের। এ বার কি প্রেম গড়াল বিয়েতে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:০০
গোপনে কি বিয়ে সারলেন সৌরভ-শুভস্মিতা?

গোপনে কি বিয়ে সারলেন সৌরভ-শুভস্মিতা? ছবি: সংগৃহীত।

গলায় সোনার চোকার, হালকা রূপটান। চুল খোলা। ছোট্ট টিপ, সঙ্গে কালচে মেরুন রঙা শাড়ি। সম্প্রতি অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের এই ‘লুক’ নিয়ে আলোচনা হয়েছে। ছবিগুলি সমাজমাধ্যমে দিয়েছিলেন নায়িকা নিজেই। সঙ্গে ছিলেন সৌরভ চক্রবর্তী। নায়ক-নায়িকার নতুন ছবি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন যে, এই বুঝি বিয়ের ছবি! অন্দরের ফিসফাস, সেই কথাই নাকি ঠিক।

Advertisement

নিজেদের সম্পর্কের কথাই এখনও প্রকাশ্যে জানাননি সৌরভ-শুভস্মিতা। সেখানে তাঁরা কি সত্যিই বিয়ে করে নিলেন গোপনে? অন্দরে এই আলোচনা জারি। সূত্র বলছে, গোপনে বিয়ে নয়, তাঁরা নাকি আশীর্বাদ সেরেছেন। বিয়ের পরিকল্পনাও নাকি আছে। কিন্তু, তা এখনই নয়। বিয়ে, আশীর্বাদের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় সৌরভের সঙ্গে।

শুভস্মিতা-সৌরভের এই ছবি নিয়েই শোরগোল টলিপাড়ার অন্দরে।

শুভস্মিতা-সৌরভের এই ছবি নিয়েই শোরগোল টলিপাড়ার অন্দরে। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেতার মুখে কুলপ। তিনি কিছুই বলতে রাজি নন। সৌরভ বললেন, “আমি এখন এই বিষয়ে কিছুই বলতে চাই না। বাড়িতে একটা ছোট পুজো ছিল, এটুকুই। যে যা ভাবছেন, তা ভেবে নিন। আমার কিছু বলার নেই।” তা হলে তাঁরা সম্পর্কে আছেন, এ কথা স্বীকার করে নিচ্ছেন সৌরভ? সে কথাও স্পষ্ট করতে রাজি নন অভিনেতা।

তিনি বলেন, “এখন কিছুই বলব না। আমরা খুব ব্যস্ত ধারাবাহিকের শুটিং নিয়ে। ওটাই মন দিয়ে চালিয়ে যেতে চাই।” ঘনিষ্ঠ সূত্র বলছে, ধারাবাহিকের সেট থেকেই নাকি তাঁদের প্রেমের শুরু হয়েছে। কিন্তু, সে কথা গোপনেই রাখতে চান তাঁরা। সময় এলে নাকি ভাল ভাবে সবাইকে জানাবেন। ধারাবাহিক শেষ হওয়ার পরে নাকি বিয়ের পরিকল্পনা রয়েছে যুগলের।

Advertisement
আরও পড়ুন