কোন কাহিনি শোনালেন তিথি? ছবি: সংগৃহীত।
অভিনয় নয়, তিনি ভ্লগিংয়েই মন দিতে চান। মাঝে এমনটাই বলেছিলেন অভিনেত্রী তিথি বসু। কিন্তু এ বার তিনি বড়পর্দায় কাজ করতে আগ্রহী। রাজ্যের পালাবদলের পরেই কেন এই মতবদল তিথির? তাঁকেও কি কোনও সমস্যার মধ্যে পড়তে হয়েছিল?
আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী জানালেন, তিনি নিজেই একটু দূরে থাকতেন। ২০২৪-২৫ সালেও তিনি বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন। কিন্তু সেগুলো এখনও রিলিজ় হয়নি। তিথি বললেন, “এখন একটা পরিবর্তন এসেছে। অনেকটাই সরে গিয়েছিলাম ইন্ডাস্ট্রি থেকে। কাউকে বলিনি কাজ দাও। এমন নয় যে আমার কাজ করার ইচ্ছা ছিল না। কিন্তু পরিবেশ দেখে মনে হয়নি যে এখানে থাকার দরকার আছে বলে।”
তিথিকে কি কখনও সমস্যা পড়তে হয়েছিল? তিনি যোগ করেন, “আনুষ্ঠানিক ভাবে আমি এ কথা বলতে পারি না যে আমার সঙ্গে অন্যায় কিছু হয়েছিল। কিন্তু এটা ঠিক আমার বাবা তৃণমূলঘনিষ্ঠ ছিলেন না কোনও দিন। আদ্যোপান্ত সিপিএম ঘনিষ্ঠ ছিলেন। ২০১৪ সাল থেকে বাবা বিজেপিতে যোগ দেন। এই কারণে হয়তো আমাকে কাজ দেওয়া হয়নি। আসলে সময়টা ছিল হয় তোমাকে ঝান্ডা ধরতে হবে না হলে আপস করতে হবে। কোনওটাই করা সম্ভব ছিল না।”
তিথির মনে হয়, এখন কাজ করতে গেলে আর তেমন কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না তাঁকে। এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেলেও তিনি অভিনয় করতে রাজি। এই মুহূর্তে ‘প্রেম থেকে শুরু’ নামক একটি ছবির শুটিং শুরু করেছেন তিথি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সোমা বন্দ্যোপাধ্যায়। এর আগেও সোমার সঙ্গে অভিনয় করেছেন তিথি।
‘মা’ ধারাবাহিকের মাধ্যমে উত্থান তিথির। এখনও অনেকে তাঁকে ‘ঝিলিক’ নামেই সম্বোধন করেন। ‘মা’ ধারাবাহিকে ঝিলিক এবং হীরাম্মার সমীকরণ আলোচিত হয়েছিল সর্বত্র। আবার কি সেই সমীকরণ দেখা যাবে? তা অবশ্য এখনই খোলসা করেননি তিথি।