— প্রতীকী চিত্র।
স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে! এই সন্দেহে স্বামীর সঙ্গে শুরু হয়েছিল অশান্তি। সোমবার বিকেলে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যে স্বামীরও ঝুলন্ত দেহ মেলে। পুলিশের সন্দেহ দু’জনেই আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি পুরুলিয়ার ডিভিসি এলাকার। মঙ্গলবার মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ওই মহিলা এক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুশান্ত গোস্বামী (২৯) ও অন্বেষা গোস্বামী (২৫)। তিন-চার মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। জানা গিয়েছে, সোমবার স্ত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্বামী। হাসপাতাল থেকে বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেন তিনি। পরে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল, এমনটাই সন্দেহ ছিল স্বামীর। তার জেরেই এমন মর্মান্তিক পরিণতি বলে অনুমান পুলিশের। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে রঘুনাথপুর থানার পুলিশ।