Fake Lottery

জাল লটারি চক্রের খোঁজ পুরুলিয়ায়! তল্লাশি চালিয়ে উদ্ধার ১০ লক্ষের বেশি নগদ, পুলিশের জালে ‘মূলচক্রী’

পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় লটারির ব্যবসা ছিল শক্তি যাদবের। তাঁর বাড়ি ওই থানা এলাকার আমডাঙা গ্রামে। রবিবার রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২২:১৬
One arrested in Purulia on charges of involvement in the sale of fake lottery tickets

উদ্ধার হওয়া টাকা। ছবি: সংগৃহীত।

জাল লটারির ব্যবসা ফেঁদে বসেছিলেন। ছিল নানান লোভনীয়, আকর্ষণীয় অফারের হাতছানিও। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই টাকা খোয়ানোর অভিযোগ তুলেছিলেন। পুরুলিয়ায় সেই অভিযোগের তদন্তে নেমে গ্রেফতার হলেন জাল লটারি চক্রের মাথা।

Advertisement

পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় লটারির ব্যবসা ছিল শক্তি যাদবের। তাঁর বাড়ি ওই থানা এলাকার আমডাঙা গ্রামে। রবিবার রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাল লটারি বিক্রির অভিযোগ দীর্ঘ দিন ধরেই ছিল শক্তির বিরুদ্ধে। সেই অভিযোগে মাস দুই আগে দুই খুচরো বিক্রেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই শক্তির খোঁজ শুরু করে পুলিশ।

পুলিশ খোঁজ শুরু করতেই গা ঢাকা দিয়েছিলেন শক্তি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ এ প্রসঙ্গে বলেন, ‘‘ধৃতের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে। তবে সেই টাকার কোনও বৈধ নথি তিনি দেখাতে পারেননি। ওই ব্যক্তি জাল লটারির ডিস্ট্রিবিউটর ছিলেন। মনে করা হচ্ছে, এই টাকা জাল লটারি বিক্রি থেকেই এসেছে।’’ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন