মা হচ্ছেন অদা? ছবি: সংগৃহীত।
বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মন্তব্য করেন অদা শর্মা। কখনও তাঁর মন্তব্য বিতর্কও তৈরি করেছে। আবার রসিকতা করতেও তিনি সিদ্ধহস্ত। প্রায়ই নানা বিষয় নিয়ে ব্যঙ্গ করেন অভিনেত্রী। কিন্তু এ বার এক বিশেষ ‘ঘোষণা’ করলেন অদা। জানালেন, তিনি নাকি মা হতে চলেছেন।
নিজের বাড়ি থেকেই একটি ভিডিয়ো করেছেন অদা। ভিডিয়োর শুরুতেই অভিনেত্রী বলেন, “আমি মা হতে চলেছি।” পরক্ষণেই ফিসফিস করে বলে ওঠেন, “সৎমা।” এর পরেই হাতে উকুলেলে নিয়ে গান গাইতে গাইতে পরিচয় করিয়ে দেন তাঁর ‘কাক’ পরিবারের সঙ্গে। অদা বলেন,“ওই হল রাসেল (কাক)। আর ওই যে রাসেলের বৌ, যার চোখগুলো খুব সুন্দর। আর ওই যে বাসায় বসে আছে ওদের ছানা। কী মিষ্টি! আমি এক সপ্তাহ থাকব না। আসার পরে ফের ওদের খবর দেব আপনাদের।” ওই ছোট্ট কাকটির ‘সৎমা’ হিসাবেই নিজের পরিচয় দেন অদা। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে সমাজমাধ্যমে।
অনুরাগীদের কেউ কেউ রসিকতা করে অদাকে লেখেন, “বড় সুখবর। আপনাকে অভিনন্দন।” কেউ কেউ আবার লিখেছেন, “আমরা কি তবে আপনার ছানার নাম ঠিক করে রাখব?” এমনই নানা মজার মন্তব্য ভরে গিয়েছে।
মুম্বইয়ের বান্দ্রায় থাকেন অদা। যে ফ্ল্যাটে একসময় সুশান্ত সিংহ রাজপুত ভাড়া থাকতেন, সেখানেই এখন থাকেন অদা। এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ।
উল্লেখ্য, ‘দ্য কেরল স্টোরি’ ছবিতে অভিনয় করেছিলেন অদা। ছবিটি নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে।