Ahaan Panday

‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’, বড় অস্ত্রোপচার করিয়েছেন অহান পাণ্ডে! কী হয়েছে ‘সইয়ারা’র নায়কের?

‘সইয়ারা’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন অহান। অনুরাগীর সংখ্যাও বহু। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবির জন্য শরীরে বেশ কিছু বদল আনছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:১২
কী হয়েছে অহানের?

কী হয়েছে অহানের? ছবি: সংগৃহীত।

বড়স়ড় অস্ত্রোপচার করিয়েছেন অহান পাণ্ডে। তবে সেই খবর এত দিন গোপন রেখেছিলেন অভিনেতা। ‘সইয়ারা’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন অহান। অনুরাগীর সংখ্যাও বহু। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবির জন্য শরীরে বেশ কিছু বদল আনছেন। তার মধ্যেই এক সাক্ষাৎকারে জানালেন কঠিন অস্ত্রোপচার হয়েছে তাঁর।

Advertisement

‘সইয়ারা’ মুক্তি পাওয়ার ঠিক পরেই এই অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কাঁধে অস্ত্রোপচারটি হয়। কয়েক বছর আগে কাঁধে চোট পেয়েছিলেন অহান। সেই চোটের কারণে তিনি যথাযথ শরীরচর্চা করতে পারতেন না। শরীরে বদল আনারও তেমন সুযোগ ছিল না। তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। এই অস্ত্রোপচার নাকি বেশ যন্ত্রণাদায়কও। অহানের কথায়, “গত বছর ‘সইয়ারা’ মুক্তির পরে অস্ত্রোপচার হয়। পৃথিবীর অন্যতম যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার এটি। সারতেও অনেকটা সময় লাগে।”

আলি আব্বাস জ়াফরের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন অহান। সেই ছবির জন্য শরীরে কিছু বদল প্রয়োজন। কিন্তু চিকিৎসক তাঁকে নিষেধ করেছিলেন। অভিনেতা বলেছেন, “যে অভিনেতারা শরীরচর্চার মাধ্যমে শরীরে বদল এনেছেন, তাঁদের দেখে আমি অনুপ্রাণিত হতাম। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা অন্য রকম ছিল।” তবে তাও হাল ছাড়েননি অহান। প্রতিকূলতা পেরিয়ে শরীরে বদল আনছেন তিনি।

অহান জানিয়েছেন অস্ত্রোপচার হওয়ার পরে তিনি একাধিক বার ছবিশিকারির ক্যামেরার সামনে এসেছেন। তবে কেউ তাঁর অস্ত্রোপচারের বিষয়টি ধরতে পারেননি দেখে অবাক হয়েছিলেন। জানান অহান নিজেই।

উল্লেখ্য, ‘সইয়ারা’ ছবিতে অনীত পদ্দার সঙ্গে জুটি বাঁধেন অহান। তাঁদের জুটিতে মুগ্ধ অনুরাগীরা। শোনা যায়, বাস্তবেও তাঁরা দু’জন সম্পর্কে আছেন।

Advertisement
আরও পড়ুন